ভোট পেতে টাকা বিলি, পরাজয়ে ফেরত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট কিনতে এক ব্যক্তিকে ৫৫ হাজার টাকা দিয়েছিলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগের সমর্থক ইসমাইল হোসেন। দেড় শ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
টাকা নিয়ে ভোট না দেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পৌরসভার বাঘানগর গ্রামে ওসমান মিয়া নামের এক ভোটারকে মারধর করেন ইসমাইল ও তাঁর সমর্থকেরা। এরপর দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন কমপক্ষে ১৫ জন। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ ইসমাইল, ওসমানসহ চারজনকে আটক করে। রাতে এলাকার মুরব্বিদের জিম্মায় তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
পুলিশের হেফাজতে পরাজিত প্রার্থী ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, ওসমান তাঁর কাছ থেকে টাকা নিয়েও ভোট দেননি। এ জন্য তিনি টাকা ফেরত চেয়েছেন।
ওসমান মিয়া সাংবাদিকদের কাছে স্বীকার করেন, তিনি ৫৫ হাজার টাকা নিয়েছেন এবং ইসমাইলকে ভোট দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, গ্রামের মুরব্বিরা সালিস করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। কোনো পক্ষ লিখিত অভিযোগ না দেওয়ায় আটক চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত শনিবার আড়াইহাজার উপজেলার নবগঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নির্বাচন হয়।