রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে গতকাল রোববার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হলেও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চারঘাট উপজেলার হলিদাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটার কেন্দ্র ও হলিদাগাছি দ্বিমুখী উচ্চবিদ্যালয় পুরুষ ভোটারদের কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। এই দুই কেন্দ্রের পাঁচ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে মাত্র ৬৬৩ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ওই দুই কেন্দ্রে ১৩ শতাংশ ভোট পড়েছে।
সকাল আটটা: পুরুষ ভোট কেন্দ্রের বাইরের রাস্তায় প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে ভোটাররা ভিড় করেছেন। তবে বুথে কোনো ভোটার নেই। গোপন কক্ষে শুধু একজন ভোটার ছিলেন। একটু পরই তিনি ভোট দিয়ে বের হয়ে আসেন। প্রায় একই সময় পাশের নারী ভোটার কেন্দ্রে গিয়ে কোনো ভোটারকে পাওয়া যায়নি।
সকাল ১০টা: পুরুষ ভোটার কেন্দ্রের বাইরে একই রকম জটলা দেখা যায়। কিন্তু তখনো কোনো বুথের সামনে ভোটারদের লাইন ছিল না। একজন করে ভোটার আসছেন এবং ভোট দিয়ে নীরবে চলে যাচ্ছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামসুল আলম জানান, ওই সময় পর্যন্ত ভোট পড়েছে ৭২টি। একই সময় নারী কেন্দ্রের বাইরে কোনো ভোটার পাওয়া যায়নি। ভেতরেও কোনো ভোটার নেই। ভেতরে রাখা অবৈধ যান ভটভটির ওপরে নারী আনসার সদস্যরা পা ঝুলিয়ে বসে আছেন। প্রিসাইডিং কর্মকর্তা সোহেল শাহরিয়ার জানান, ওই সময় পর্যন্ত এ কেন্দ্রে মাত্র ১৩টি ভোট পড়েছে।
বেলা একটা: পুরুষ কেন্দ্রে ৩০৫ ও নারী কেন্দ্রে ১০৮টি ভোট পড়ার তথ্য জানালেন প্রিসাইডিং কর্মকর্তারা।
বিকেল পৌনে দুইটা: নারী ভোটার কেন্দ্রের পাশে জামায়াত-শিবিরের কর্মীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটালে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান। এরপর ওই কেন্দ্রে অল্পসংখ্যক ভোটার এসেছেন।
আওয়ামী লীগের স্থানীয় কর্মী মিজানুর রহমান জানান, তাঁরা মনে করেছিলেন বিকেলে হিন্দু সম্প্রদায়ের নারী ভোটারদের উপস্থিতি বাড়বে। কিন্তু হামলার পরে তাঁরা আর বের হননি বলেই চলে।
বিকেল চারটা: এ সময় পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামসুল আলম মাঠের শেষ প্রান্তে গিয়ে ভোটারদের বলছিলেন, এখনো যাঁরা ভোট দেননি, তাঁরা সীমানার মধ্যে এসে থাকেন, না থাকলে আর ভোট দিতে পারবেন না। সময় শেষ হয়ে যাচ্ছে।’
বাইরে মানুষের ভিড় থাকলেও তাঁর ডাকে সাড়া দিয়ে কাউকে ভেতরে যেতে দেখা যায়নি। সময় শেষ হওয়ার পর জানা গেল, পুরুষ কেন্দ্রে মোট ৪৩৭টি ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ছিলেন দুই হাজার ৫১৯ জন। একই সময় নারী কেন্দ্রে মোট ভোট পড়েছে ২২৬টি। এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন দুই হাজার ৫৯০ জন।