নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে গতকাল মঙ্গলবার উপনির্বাচন সমাপ্ত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শওকত হায়াত শাহ। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলেও ভোটার উপস্থিতি ছিল কম। এ ছাড়া ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।
এই নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধে৵ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন ৩৬ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের শওকত হায়াত শাহ পেয়েছেন ২০ হাজার ৩৯৮ ভোট। এরপরই আছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইলিয়াছ চৌধুরী ভুলু। তিনি পেয়েছেন ১৮ হাজার ২৩১ ভোট। স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) আবদুল মুনতাকিম পেয়েছেন ৭ হাজার ৬৮৩ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ নূরুল হুদা পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন ভোট গণনা শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন।
একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে নারী-পুরুষ মিলে এই উপজেলায় মোট ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন ভোটার আছেন। তবে গতকালের নির্বাচনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৭১ শতাংশ।
ভোট চলাকালে গতকাল শহর ও গ্রাম এলাকার ভোটকেন্দ্রগুলো ঘুরে কথা হয় ভোটারদের সঙ্গে। বেলা ১১টার দিকে সৈয়দপুর কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন হোসনে আরা ও আবদুল মান্নান। এ সময় এই কেন্দ্রে আর কোনো ভোটার ছিলেন না। ভোটার না থাকার কারণ সম্পর্কে হোসনে আরা ও আবদুল মান্নান বলেন, এলাকায় ইরি-বোরো ধান কাটা-মাড়াই ও শুকানোর কাজে সবাই ব্যস্ত। তাই হয়তো লোকজন ভোট দিতে আসেননি।
উপজেলার কাশিরাম ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের ভোটার জয়নাল আবেদীন ও তহমিনা খাতুন বলেন, উপনির্বাচনে প্রার্থী যেহেতু কম, তাই ভোটারদের উপস্থিতিও কম। এখানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলামও ভোটারদের উপস্থিতি কম বলে স্বীকার করেন।
নৌকা প্রতীক নিয়ে বিজয়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোখছেদুল মোমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য তিনি ভোটারসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকত হায়াত শাহর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
এদিকে ভোট গ্রহণের সময় আটক দুই ব্যক্তি হলেন খলিলুর রহমান (৪৫) ও রফিকুল ইসলাম (৩৮)। নির্বাচনের দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর মতে, আটক খলিলুর স্বতন্ত্র প্রার্থী এবং সৈয়দপুর পৌর জামায়াতের আমির আবদুল মুনতাকিমের (আনারস) সমর্থক। আর সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির সদস্য আটক হওয়া রফিকুল ইসলাম বিএনপির প্রার্থী শওকত হায়াত শাহর সমর্থক।