ভোট বন্ধ করুন, সংলাপ দিন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমান ফারুক
ওসমান ফারুক

৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করে সব দলের অংশগ্রহণের নির্বাচনের জন্য সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি। ভোট গ্রহণ শুরুর ৬০ ঘণ্টা আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এই আহ্বান জানালেন।
ওসমান ফারুক অভিযোগ করেন, ‘ভোটারবিহীন নির্বাচন করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ও ইতিমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। তার পরও প্রধানমন্ত্রী একগুঁয়েমির পথ থেকে সরে আসছেন না।’
গুলশানে নিজের বাসায় ওই সংবাদ সম্মেলনে ওসমান ফারুক বলেন, ‘এখনো সময় আছে, ৫ জানুয়ারির ভোট বন্ধ করুন। সব দলের অংশগ্রহণের নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা নিন।’ তিনি বলেন, ‘প্রহসনের এই নির্বাচন জনগণ মানে না। কেউ ভোটকেন্দ্রেও যাবে না।’ এই নির্বাচনকে ‘না’ বলতে তিনি জনগণের প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান।
ওসমান ফারুক দাবি করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে। তিনি বলেন, ‘সরকার বিরোধী দল নিধন ও একদলীয় বাকশাল কায়েমের নীলনকশা তৈরি করেছে। তা বাস্তবায়নের উদ্দেশ্যে যৌথ বাহিনী গঠন করে গোটা দেশকে আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করা হয়েছে। মানবতা যৌথ বাহিনীর বুটের তলায় পিষ্ট হচ্ছে। যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইন ও মানবতার ঊর্ধ্বে কি না, তা নিয়ে আজ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’