ভোট বর্জনের খেসারত দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্ত্বনা।  গতকাল সাতক্ষীরায় সার্কিট হাউসে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন । ছবি: পিআইডি
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্ত্বনা। গতকাল সাতক্ষীরায় সার্কিট হাউসে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন । ছবি: পিআইডি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর কাছে অনুরোধ, তিনি যেন মানুষের শান্তি নষ্ট না করেন। নির্বাচনে না এসে তিনি যে ভুল করেছেন, তার খেসারত তাঁকে দিতে হবে।
গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সাতক্ষীরাবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, সাতক্ষীরায় যারা গাছ কেটেছে, রাস্তা কেটেছে, মানুষ হত্যা করেছে, বাড়িঘরে হামলা করেছে, তাদের একজনও রেহাই পাবে না।
যুদ্ধাপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংসতা শুরু হয়। এর ধারাবাহিকতায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই জেলাটি সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন ছিল। যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি পাল্টাতে থাকে। এ অবস্থায় ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকার গঠন করে প্রথম সফর হিসেবে সাতক্ষীরায় যান প্রধানমন্ত্রী।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘শত বাধা পেরিয়ে নির্বাচন হয়েছে। আমরা সরকার গঠন করেছি। আমরা জনগণের পাশে আছি। নির্বাচনে ভোট দেওয়ার জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন।’
প্রধানমন্ত্রী বলেন, নিবন্ধন জটিলতার কারণে জামায়াতের নির্বাচনে অংশ নেওয়া হাইকোর্ট নিষিদ্ধ করেছেন। বিএনপির নেত্রী জামায়াতের ব্যথায় ব্যথিত হয়ে নির্বাচনে যাননি। খালেদা জিয়া শুধু নির্বাচন বর্জন নয়, নির্বাচনে বাধা দেওয়ারও চেষ্টা করেছেন। নির্বাচনের আগে ও পরে হরতাল, অবরোধ দিয়েছেন। মানুষের আয়ের পথ বন্ধ করেছেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন।
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি দুর্নীতির রাজনীতি। সন্ত্রাসের রাজনীতি। তাই একসময় দেশে একটি স্লোগান প্রচলিত ছিল, ‘বিএনপির দুই গুণ—দুর্নীতি আর মানুষ খুন’। তিনি অভিযোগ করেন, এখন আবার বিএনপি একাত্তরের মানবতাবিরোধীদের দল জামায়াতকে নিজেদের দোসর করেছে। একাত্তর সালে যারা গণহত্যা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল, তাদের দোসর করা চলবে না।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করতে বহু চেষ্টা করেছিলাম। আমি নিজে ফোনও করেছিলাম। ফোন করে উনার কাছ থেকে যা শুনতে হয়েছে, কোনো ভদ্রসন্তানের পক্ষে কান পেতে তা শোনা সম্ভব না।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলার মাটিতে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। মানুষের এই অধিকারের ওপর কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না। প্রত্যেকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। মনে রাখতে হবে, এ দেশে যেমন হিন্দুরা সংখ্যালঘু, তেমনি পার্শ্ববর্তী ভারতে মুসলমানরা সংখ্যালঘু। এখানে সংখ্যালঘুদের ওপর হামলা হলে ভারতেও তো এর প্রভাব পড়তে পারে।
খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশে শান্তি আনতে চাই। কিন্তু একজন অশান্তি বেগম আছেন। উনি মানুষের শান্তি দেখতে পারেন না।’

সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার একাংশ । ছবি: প্রথম আলো
সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার একাংশ । ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনের পর তাঁর সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিজিএফ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করে যাচ্ছেন। কিন্তু জামায়াত ও বিএনপির মানুষের জীবনযাত্রার মান-উন্নয়ন পছন্দ নয়। তাই তারা সারা দেশে সহিংসতা চালাচ্ছে। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের খুন করা হচ্ছে।
সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের শক্তির জোর বড় জোর। যেকোনো অবস্থায় সন্ত্রাসের মোকাবিলা করতে আপনারা নিজের শক্তি নিয়ে দাঁড়াবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করব। সাতক্ষীরা আর রক্তাক্ত থাকবে না।’
শেখ হাসিনা বলেন, বিএনপি নেতার সাধ্য নেই যুদ্ধাপরাধীদের বাঁচানোর। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তিনি মানুষ খুন করেছেন। সাতক্ষীরাকে রক্তাক্ত করেছেন। যারা সাতক্ষীরাকে রক্তাক্ত করেছে, তাদের রেহাই নেই।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাতক্ষীরার সাংসদ মীর মোস্তাক আহমেদ, মুস্তফা লুৎফুল্লাহ, জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বেলা দেড়টায় হেলিকপ্টারে করে শেখ হাসিনা সাতক্ষীরায় পৌঁছান। তিনি জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাতক্ষীরা সার্কিট হাউসে মতবিনিময় করেন। নিহত ১৬ জনের স্ত্রী ও মা-বাবার হাতে নগদ সহায়তা তুলে দেন। এ সময় আরও ১৩৮ জন গুরুতর আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতেও নগদ টাকা তুলে দেওয়া হয়।
সেখান থেকে প্রধানমন্ত্রী সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে আশাশুনিতে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, কপোতাক্ষ নদ পুনঃ খনন, তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম কাজসহ সাতটি প্রকল্পের উদ্বোধন এবং পৌরসভার পানিশোধনাগার, সাতক্ষীরা মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পসহ চারটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।