বরিশালে ২০০৮ সালে বিএনপি সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছিল। কিন্তু বিএনপির দুই নেতা আহসান হাবিব (এবার মেয়র নির্বাচিত হয়েছেন) ও এবায়েদুল হক নির্বাচন করেন। আবার স্থানীয় বিএনপির একটি অংশ স্বতন্ত্র প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদকে সমর্থন দিয়ে মাঠে ছিল। ওই নির্বাচনে আহসান হাবিব ২৬ হাজার ৪১৬, এবায়েদুল ১৯ হাজার ৬২৬ ও সরফুদ্দিন আহমেদ ৪৬ হাজার ২০৮ ভোট পেয়েছিলেন। বিএনপি ঘরানার এই তিন প্রার্থী মিলে সে নির্বাচনে ভোট পেয়েছিলেন মোট ৯২ হাজার ২৫০টি। কিন্তু তখন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেন ৪৬ হাজার ৭৯৬ ভোট পেয়েই মেয়র নির্বাচিত হন।এবার বরিশালে বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন একজন, আহসান হাবিব। তিনি ৮৩ হাজার ৭৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি ঘরানার ভোট ধরে তুলনা করলে গতবারের চেয়ে এবার তাদের আট হাজার ৪৯৯ ভোট কমেছে। আর আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেনের ভোট বেড়েছে ১৯ হাজার ৯৪৫। এবার তিনি ৬৬ হাজার ৭৪১ ভোট পেয়েও হেরে গেছেন। এই তথ্য বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায়, ঐক্যবদ্ধ বা একক প্রার্থী দেওয়ার কারণেই জিতেছেন বিএনপি বা ১৮-দলীয় জোটের সমর্থনপুষ্ট প্রার্থী। ১৭ হাজার ১০ ভোটে পিছিয়ে পড়া শওকত আরও বেশি ভোট কেন পেলেন না—এই প্রশ্নের একটা সর্বজনীন জবাবও পাওয়া গেছে। তা হলো, হেফাজতসহ জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে প্রতিদ্বন্দ্বীদের প্রচারণার জবাব দিয়ে ভোটারদের সন্তুষ্ট করতে পারেননি তিনি। আওয়ামী লীগ-সমর্থিত লোকেরা একে ‘মিথ্যা প্রচারণার কারণে হার’ বলে সান্ত্বনা পাচ্ছেন।দিন দশেক আগে বরিশালের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় দুই অফিস সহকারী এই প্রতিবেদককে বলেছিলেন, মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেনের টেলিভিশন প্রতীকে ভোট দেবেন তাঁরা। সহকর্মী হওয়ার আগে থেকে তাঁরা পরস্পরের বন্ধুও। কিন্তু শেষ পর্যন্ত দুই বন্ধুর একজন ভোট দিয়েছেন বিএনপি-সমর্থিত আহসান হাবিবের প্রতীক আনারসে।গতকাল রোববার আবারও আলাপ হলো ভোটের সময় মত বদলানো এই বন্ধুর সঙ্গে। সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানতে চাইলে তিনি বললেন, হিরন মেঞা (শওকত হোসেনকে বরিশালের মানুষ এ নামেই ডাকেন) শহরের অনেক উন্নয়ন করছে। এটা বিবেচনা করলে ভোটটা হ্যারেই দেওয়া উচিত আছিল। পরে চিন্তা করলাম, হ্যারে ভোট দেলে আওয়ামী লীগরেই ভোট দেওয়া অয়।’নগরের রূপাতলীতে এক চায়ের দোকানি আবুল কাশেম তাঁর ক্যাশবাক্সে যত্ন করে তুলে রাখা একটি লিফলেট দেখিয়ে বললেন, ‘দেখেন, এখানে কী লেখা আছে?’ ওই লিফলেটে লেখা আছে, মতিঝিলে মধ্যরাতে হেফাজতে ইসলামের ওপর হামলা ও সেখানে কথিত গণহত্যার বিবরণ। আছে আস্তিক-নাস্তিক বিতর্কের কথাও।আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার মনে করেন, এ অপপ্রচার তাঁদের মেয়র প্রার্থীর নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।তবে বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল হেফাজত প্রসঙ্গটিকে গুরুত্বপূর্ণ মনে করেন না। তিনি বলেন, এখানে হেফাজতের তেমন ভোট নেই। যে কেন্দ্রটিতে হেফাজতের কর্মী-সমর্থকেরা ভোট দিয়েছেন, সেই মাহমুদিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে শওকত তাঁর প্রতিদ্বন্দ্বী আহসানের তুলনায় সাত ভোট বেশি পেয়েছেন। তাঁর মতে, আহসান হাবিবের ‘কথিত দেহরক্ষী হারুনকে’ পুলিশ গুলি করার আগ পর্যন্ত নির্বাচনের মাঠ ছিল শওকতের পক্ষে। তবে সর্বশেষ পেরেকটি ঠুকেছেন শওকত নির্বাচনের দিন। তাঁর উপস্থিতিতে আহসান ও তাঁর সঙ্গী সাবেক সাংসদ আবুল হোসেন খানকে মারধর করা হয়েছে। আহসান হাবিবের সমর্থক বরিশাল নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমানের মতে, এবারের নির্বাচনে বিএনপির দলগত ঐক্যের সঙ্গে জাতীয় বিষয়গুলো ভূমিকা রেখেছে। ভোটাররা একে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেওয়ার সুযোগ হিসেবে নিয়েছেন।