ভোট বেচাকেনা রোধে পাহারা
হাড়কাঁপানো তীব্র শীত, ঘন কুয়াশা কোনো কিছুতেই যেন কাবু হচ্ছেন না তাঁরা। গভীর রাতে বাঁশের ঝাঁড়ে, এখানে-ওখানে সরব উপস্থিতি তাঁদের। হাতে টর্চলাইট, কারও আছে লাঠিও। সারা রাত হইচই করে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। প্রতিপক্ষকে জানান দিচ্ছেন তাঁদের উপস্থিতি। কারণ একটাই, কেউ যেন তাঁদের মহল্লায় এসে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত না করতে পারে।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে কালোটাকার প্রভাব ঠেকাতে পাড়া-মহল্লায় এভাবেই পাহারা বসিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কে কখন পাড়ায় ঢুকছেন, কারা যাতায়াত করছেন, তা নজরদারি করছেন পাহারায় থাকা কর্মীরা।
সাত-আটজন ভোটার বলেন, এবারের পৌরসভা নির্বাচনের মতো এত উত্তেজনাপূর্ণ প্রচারণা আগে কখনো দেখা যায়নি। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান ও বিএনপির মতিয়ার রহমানের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। কাউন্সিলর পদেও চলছে তুমুল উত্তেজনা। শেষ সময়ে ভোট বেচাকেনা হবে—এমন আশঙ্কা থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকেরাই নিজ উদ্যোগে পাহারা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন।
বেড়াবালা মহল্লার তালেব উদ্দিন এক মেয়র প্রার্থীর কর্মী। তিনি বলেন, ‘অন্য পারথির লোকজন যাতে গাঁওত ঢুক্যা ভোট কিনব্যার না পারে, এ জন্যি হামরা রাতোত পাহারার ব্যবস্থা করিচি।’
বানাইল মহল্লার ভোটার আজিজার রহমান বলেন, ‘হামি আগে কখনু ইংক্যা টানটান উত্তেজনার ভোট দেকিনি। ভালোই লাগিচ্চে। ছোলগুলান যদি সারাটা বচর ইংকা কর্যা গাঁও পাহারা দিলোহিনি তালে চোর-ডাকাতের ভয় থাকলনাহিনি।’