ভোট শান্তিপূর্ণ, যত অশান্তি তীব্র গরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। এ ছাড়া জকিগঞ্জ উপজেলার নয়টি ও গোয়াইনঘাট উপজেলার দুটি ইউপির ভোটেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটারদের যত অশান্তি হয়েছে প্রখর রোদে, তীব্র গরমে।
‘রইদ উঠছে বেতলা (মারাত্মক)। গরমে বেফানা (নাভিশ্বাস) ভোটার। মানুষ তাই বাড়িত আটকি রইছে। রইদ কমলে ভুট দিতে আইব। এর লাগি পরিবেশ নিরাই নিরাই লাগের।’ কাঠফাটা রোদের কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের কম উপস্থিতির বিষয়ে এভাবেই প্রথম আলোর কাছে মন্তব্য করেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউপির আদিনাবাদকোনা গ্রামের ষাটোর্ধ্ব আয়শা বেগম।
আয়শা বেগমের মতো অনেক ভোটার গতকাল প্রচণ্ড গরমে হাপিত্যেশ করেন। তাঁরা বলেন, অন্য সময় ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা কেন্দ্রের চারপাশে অবস্থান নিতেন। এবার রোদের কারণে ভোট দেওয়ার পরপরই বাড়ি ফিরেছেন। তাই গতকাল বিভিন্ন কেন্দ্রের চারপাশ ছিল সুনসান।
বেলা দুইটার দিকে চারখাই ইউপির চারখাই উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে তিনটি সারিতে মাত্র ১৩ জন ভোটার দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ২ হাজার ৬৩২ জন ভোটারের মধ্যে এ সময়ের মধ্যে মাত্র ১ হাজার ২৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর আগে দুপুর পৌনে ১২টায় বিয়ানীবাজারের আলীনগর ইউপির রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫ শতাংশ, সোয়া ১২টায় চারখাই ইউপির চারখাই মোশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৫ শতাংশ, বেলা পৌনে দুইটায় পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬২ শতাংশ, বেলা পৌনে একটায় শেওলা ইউপির শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫০ শতাংশ ভোটার ভোট দেন বলে জানা গেছে।
চারখাই মোশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম জামাল উদ্দিন জানান, তীব্র গরমে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাঁপিয়ে উঠেছেন। তাই কিছুক্ষণ পরপর তাঁদের পানি পান করতে হচ্ছে।
চারখাই ইউপির আদিকোনা ঢেলাখানি গ্রামের গৃহিণী হাজিরা বেগম বলেন, গরম বেশি হওয়ায় ছাতার পাশাপাশি তিনি হাতে করে পানির বোতলও নিয়ে এসেছেন।
সিলেট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লুৎফুর রহমান জানান, গতকাল সিলেটে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরেই তীব্র গরমের সঙ্গে উত্তপ্ত বাতাস বইছে।