জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ক্যাডাররা অনেক উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে সিল মেরেছে। এতে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহায়তা ছিল।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল সোমবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ১৯-দলীয় জোট নেত্রী খালেদা জিয়া সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ভোট শুরুর আগেই ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরের দুটি কেন্দ্রে চার হাজার ৯০০টি সিলমারা ব্যালট উদ্ধার করা হয়। একইভাবে লক্ষ্মীপুর সদর, ঘাটাইল, আমতলী, গফরগাঁও, শাহজাদপুরে ১৯-দলীয় জোটের সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ভোট ডাকাতি করে। পটুয়াখালীর কলাপাড়া, জামালপুরের মাদারগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, সাতক্ষীরার সদর, তালা ও দেবহাটা, গাইবান্ধার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ, সিলেটের বিয়ানীবাজারসহ ১৯টি উপজেলায় আওয়ামী ক্যাডাররা প্রশাসনের সহায়তায় নজিরবিহীন নৈরাজ্য সৃষ্টি করে।