
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল চারটায় শেষ হওয়া এই নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। তবে সার্বিক দিক বিবেচনায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। সহিংসতা হয়নি।
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘এ ধরনের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম থাকে। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তনের বিষয় থাকে বলে তাতে ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। কিন্তু উপনির্বাচনে সেভাবে তারা আসে না। তা ছাড়া প্রার্থী বা তাঁদের ব্যক্তি ক্যারিশমার ওপরও ভোটার উপস্থিতি নির্ভর করে।’
এই নির্বাচন কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জের ভোটারদের কাছে ভোটার স্লিপ ঠিকমতো যায়নি। যদিও মোবাইল ফোনে আইডি দিয়েই তাঁরা ভোট নম্বরসহ বিস্তারিত জানতে পারতেন।
বিভিন্ন প্রার্থীর অভিযোগ সম্পর্কে মিহির সারোয়ার মোর্শেদ বলেন, ‘আমরা প্রার্থীদের বলেছিলাম, মৌখিক অভিযোগ দিলেই ব্যবস্থা নেব। প্রার্থীরা যে অভিযোগ দিয়েছে আমরা সেটা খতিয়ে দেখেছি। অনেক জায়গায় শুনেছি পোলিং এজেন্ট নাই। কিন্তু পরে গিয়ে দেখেছি কেউ দেরিতে এসেছেন, কেউ হয়তো মোবাইলে কথা বলতে বাইরে বেরিয়েছেন। অর্থাত্ অভিযোগের সত্যতা মেলেনি।’
কত শতাংশ ভোট পড়েছে? এমন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘মাত্র ভোট শেষ হয়েছে। এখনই বলা সম্ভব নয়। তবে যত শতাংশ ভোট পড়েছে ঠিক তত ভোটই আলোর মুখ দেখবে।’
আওয়ামী লীগের আলোচিত সাংসদ (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান গত ২৯ এপ্রিল মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে তাঁদের আরেক ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী (লাঙ্গল প্রতীক) হন।
আওয়ামী লীগ এখানে কোনো প্রার্থী দেয়নি। এই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম স্বতন্ত্র প্রার্থী (প্রতীক আনারস) হন।
এ নির্বাচনে আরও দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল মজিদ। অবশ্য এ দুজনের তেমন কোনো তত্পরতা চোখে পড়েনি।