ভোট সুষ্ঠু হচ্ছে: ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। জনগণ উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন।

আজ মঙ্গলবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন চলাকালে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে এমন দাবি করেন আছাদুজ্জামান।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, পগজ স্কুল ও সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে আছাদুজ্জামান মিয়া দাবি করেন, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বেলা ১১টার দিকে পুরান ঢাকার সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে আসেন ডিএমপি কমিশনার। সেখানে তিনি সাংবাদিকদের কাছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে দাবি করেন।

ডিএমপি কমিশনার যখন এমন দাবি করেন, তখন কেন্দ্রটির ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রয়েছে। ওই কেন্দ্রে ভোট দিতে না পারার অভিযোগ এনেছেন স্থানীয় ভোটাররা। এ নিয়ে তাঁরা বিক্ষোভ করেছেন। সেখানে ব্যালট বাক্স ও কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিকেরা আছাদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনো উত্তর দেননি।

বেলা ১১টার পর ডিএমপির কমিশনার পগজ স্কুল পরিদর্শনে যান। সেখানেও একই দাবি করেন তিনি। ওই কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।

সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়েও ডিএমপির কমিশনার একই দাবি করেন।