ভোট হবে দলভিত্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান নির্বাচনপদ্ধতির পরিবর্তন করে ৩০০ আসনে প্রার্থী না দিয়ে দলীয় প্রতীকের অধীন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ প্রস্তাব অনুসারে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন হবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এরশাদ আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, ভোটাররা কোনো প্রার্থীকে নয়, প্রতীক দেখে দলকে ভোট দেবেন। কোনো দল মোট ভোটের ৫০ ভাগ পেলে তারা সংসদের ১৫০ আসন পাবে। কোনো দল ন্যূনতম ১ শতাংশ ভোট পেলে তারা তিনজন সদস্য পাবে। পদ্ধতিটি হচ্ছে রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদের ৩০০ আসনে নিজ নিজ দলের প্রার্থীর প্যানেল তৈরি করে তা নির্বাচন কমিশনে জমা দেবে। এ ক্ষেত্রে নির্ধারিত কোটা মেনে (নারী, সংখ্যালঘু, পেশাজীবী ইত্যাদি) প্রার্থীর প্যানেল তৈরি করবে।
এরশাদ দাবি করেন, এ পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে অর্থ, অস্ত্র ও পেশিশক্তির ব্যবহার এবং নির্বাচনকেন্দ্রিক হানাহানি হবে না।
হঠাৎ এ ধরনের প্রস্তাব দেওয়ার কারণ জানতে চাইলে এরশাদ বলেন, বর্তমান পদ্ধতির নির্বাচন সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের প্রতিনিধিত্ব করছে না। বিগত কয়েকটি নির্বাচনে অপেক্ষাকৃত কম ভোট পেয়েও বিএনপি ও আওয়ামী লীগ সরকার গঠন করেছে।