ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত রোববার টেংগাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনার পর গ্রেপ্তার এড়াতে টেংগাপাড়া, সান্নিয়াপাড়া ও পোল্ট্রিপাড়া গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন।প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, রোববার টেংগাপাড়া কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণার মুহূর্তে সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত পুলিশ বাধা দিলে কিছু লোক পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে পুলিশসহ অন্তত নয়জন আহত হয়।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বলেন, টেংগাপাড়া কেন্দ্রে গোলযোগের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জোবায়দুর রহমান স্ট্রাইকিং ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ৪০০-৫০০ লোক পুলিশ ও গাড়ির ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ২৮টি গুলি ছোড়া হয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অতিরিক্ত পুলিশ সুপার আহত হন। এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যানকে এক নম্বর এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে নয়ন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়।সহকারী পুলিশ সুপার আবদুল হান্নানের (গৌরীপুর সার্কেল) নেতৃত্বে দুই প্লাটুন দাঙ্গা পুলিশ গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই তিন গ্রামে অভিযান চালায়। কিন্তু কোনো পুরুষকে না পেয়ে তারা ফিরে যায়।গত সোম ও মঙ্গলবার সরেজমিনে ওই তিন গ্রামে কোনো পুরুষ পাওয়া যায়নি। তবে দুই দিনই টেংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আজিজুল হক ও মো. রফিকুল ইসলামের সঙ্গে দেখা হয়। কিন্তু এ সময় কোনো ছাত্রছাত্রী ছিল না। আজিজুল হক বলেন, এই বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলির ঘটনার পর এখন এলাকায় ভীতি ও আতংক বিরাজ করছে। বিভিন্ন সূত্রে খবর পেয়ে কেন্দুয়া উপজেলার সীমান্তবর্তী গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি গ্রামে আশ্রয় নেওয়া টেংগাপাড়া ও পোল্ট্রিপাড়া গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাঁরা গ্রাম ছেড়ে পালিয়েছেন।সহনাটী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল মিয়া বলেন, ‘আমি ঘটনার সময় ওই কেন্দ্র থেকে চার কিলোমিটার দূরের একটি কেন্দ্রে ছিলাম। ঘটনার কথা জানতে পেরে তাৎক্ষণিক প্রশাসন ও সাংবাদিকদের বিষয়টি অবহিত করেছি। ওই কেন্দ্রে আমি বেশি ভোট পেয়েছি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান বলেন, ঘটনার পর ঢালাওভাবে নিরীহ গ্রামবাসীকে মামলায় আসামি করে হয়রানি করলে এলাকার শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হবে এবং তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।