ভোটকেন্দ্র দখল করতে গুলি, রূপগঞ্জে ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনে আজ শনিবার কেন্দ্র দখলের সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর একটি কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।
গুলিতে নিহত হওয়া ব্যক্তির নাম সুকোমল দত্ত (৫৫)। তিনি পান ব্যবসায়ী। তাঁর বাড়ি তাড়াইল পশ্চিমপাড়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে তাড়াইল এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখলের চেষ্টা করে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহনের লোকজন। এ সময় তারা গুলি ছোড়ে ও ১০-১২টি বোমার বিস্ফোরণ ঘটায়। গুলিতে সুকোমল নিহত হন। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অপর কেন্দ্রে বেলা পৌনে ১১টার দিকে হাটাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির দখল নিতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের লোকজন হামলা চালায়। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আবুল বাশারের সমর্থকেরা এতে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপল্টি ধাওয়া হয়। উভয় পক্ষ গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
উভয় ঘটনায় কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুকোমল দত্ত নামের একজন নিহত হয়েছেন। ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ চলছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই পৌরসভায় ১৩টি ভোটকেন্দ্র রয়েছে। ভোট কক্ষ ৮৩টি। মোট ভোটার ৩১ হাজার ২৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮২২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৪২৭ জন।
এবারের নির্বাচনে মেয়র পদে চারজন, পুরুষ কাউন্সিলর পদে ৪৩ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন অংশ নিচ্ছেন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মজিবুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী যুবলীগের নেতা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান আবুল বাশার ও আবুল কাশেম মাওলা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক ভোট শুরুর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘এই পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন বিচারিক হাকিম ও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। গত মঙ্গলবার বিকেল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আশা করি, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেউ গোলযোগের চেষ্টা করলে তাত্ক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সংশোধনী: এলাকাবাসীর বরাতে প্রাথমিক প্রতিবেদনে ভুল করে নিহত হওয়ার ব্যক্তির নাম নির্মল দত্ত উল্লেখ করা হয়েছিল। পরে তাঁর নাম সুকোমল দত্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
গুলিতে নিহত ১, আহত ১০