ভোটকেন্দ্র দখলে নিয়েছে সরকারদলীয়রা: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বরিশাল, বাগেরহাট, ফেনী, নড়াইল ও রাজশাহীর বিভিন্ন উপজেলা পরিষদের ভোটকেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকারদলীয় সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দফার উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।
বিএনপির এই নেতার দাবি, বরিশালের মুলাদি উপজেলায় সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় রফিক ও নিজাম নামে ছাত্রদলের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাবেক মন্ত্রী মোজ্জাম্মেল হকের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রায় সব ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। সিরাজ নামের একজনকে কুপিয়ে তাঁর দুই হাত-পা ভেঙে দিয়েছে এবং চোখ উঠিয়ে নিয়েছে। ফেনীর দাগনভূঞার ৬২টি কেন্দ্রের ৫৯টি দখল করে নিয়েছে সরকারদলীয়রা, একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এবং বাকি দুটি কেন্দ্রে ভোট হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের সহায়তায় প্রায় সব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এসব ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা আবারও প্রমাণিত হলো।’
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ও র্যাব যেভাবে দলীয়করণ হয়েছে; তাদের ওপর ভরসা করা যায় না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে। কিন্তু তাদের কোনো ভূমিকা নেই। কারণ, তাদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি।

প্রধান নির্বাচন কমিশনারের দেশে না থাকা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘ইসি (নির্বাচন কমিশন) পরিবারের প্রধানের নির্বাচনকালীন বিদেশে হাওয়া খেয়ে বেড়ানো প্রমাণ করে এটি তাদের দুরভিসন্ধি।