ভোটকেন্দ্র দখলে সরকারদলীয় ক্যাডাররা চট্টগ্রামে ঢুকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্র দখল করতে দেশের বিভিন্ন এলাকা থেকে সরকারদলীয় ক্যাডাররা চট্টগ্রামে প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, ফেনী, রাউজানসহ বিভিন্ন এলাকার ক্যাডারদের চট্টগ্রাম নগরে এনে ভোটকেন্দ্র দখলের দায়িত্ব দেওয়া হচ্ছে।
বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট এই নেতা বলেন, সন্ত্রাসীদের এনে কেন্দ্র দখলসহ ভোট কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করলেও নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ।
গতকাল শনিবার দুপুরে নগরের মেহেদীবাগের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আমীর খসরু এ অভিযোগ করেন। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য ২৮ এপ্রিলের কয়েক দিন আগে থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড কমে আসার আশ্বাস দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাঁর দাবি, আগের চেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে, পরিবেশেরও অবনতি হচ্ছে। সেনাবাহিনী মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। শুধু নির্বাচনের দিন নয়, কয়েক দিন আগে থেকে সেনাবাহিনী মোতায়েন দরকার বলে দাবি জানান তিনি।
সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, ‘সরকার কি ৫ জানুয়ারির মতো আরেকটি কেড়ে নেওয়ার নির্বাচন করছে। নাকি বাংলাদেশের জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার নির্বাচন করছে। এ প্রশ্ন শুধু আমার নয়, এটা জনগণের প্রশ্ন।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সন্ত্রাসীদের বাধায় অনেক এলাকায় তাঁরা পোস্টার ও ব্যানার লাগাতে পারছেন না। গত শুক্রবার রাতে লালখান বাজারে বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয় জানানো হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জনগণের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রায় প্রতি সপ্তাহে চট্টগ্রামে একজন মন্ত্রী যাতায়াত করছেন। উনি বলছেন, সেনাবাহিনীর প্রয়োজন নেই। সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে। আমরা জানতে চাই, উনাকে এ দায়িত্ব কে দিয়েছে? উনি কি নির্বাচন কমিশনের মুখপাত্র হয়েছেন? এটা আচরণবিধি লঙ্ঘন।’
গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেনা মোতায়েন ছাড়াই আগের সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। কোনো সমস্যা হয়নি। এবারও কোনো সমস্যা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান।