ভোটকেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্র দখলের পরিকল্পনা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরী।

গতকাল রোববার সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. সাইফুল ইসলাম চৌধুরী এই অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিদিন বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির ত্যাগী কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

সাইফুল ইসলাম চৌধুরী বলেন, পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে রাঙামাটি শহরে অপরিচিত লোকজন জড়ো করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে তিনি সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শহরের রিজার্ভ বাজারের ইসলামপুর, পুরানপাড়া, নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আবদুল আলী একাডেমি, শিশু একাডেমী, সিনিয়র মাদ্রাসা, শাহ উচ্চবিদ্যালয় এই সাতটি কেন্দ্র দখলের পরিকল্পনার অংশ হিসেবে বহিরাগত লোক আনা হচ্ছে।

সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি যেখানে পথসভা করে সেখানে উচ্চস্বরে মাইক বাজানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি কর্নেল (অব.) মনীষ দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, শহরের বাইরে থাকা অনেক ব্যক্তি ভোট দিতে আসতেই পারেন। তাঁরা বিএনপির সমর্থকও হতে পারেন। তিনি বলেন, যেসব কেন্দ্র দখলের কথা বলা হচ্ছে, সেখানে বিএনপির সমর্থক কম নয়। ইচ্ছা করলে কেন্দ্র দখল করা যায় না। আকবর হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের জোয়ার দেখে ষড়যন্ত্রমূলকভাবে তাঁরা এসব অভিযোগ করছেন।