ভোটকেন্দ্র নয়, তবু পুড়ল এওচিয়া বালিকা বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়টি ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকায় ছিল না। তার পরও নাশকতার আগুন থেকে রেহাই পায়নি বিদ্যালয়টি। স্থানীয় লোকজন এর জন্য জামায়াত-শিবিরের ক্যাডারদের দায়ী করেছে।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সাতকানিয়ায় নির্বাচন ঠেকাতে দুর্বৃত্তরা ১৫টি প্রাথমিক ও একটি বালিকা উচ্চবিদ্যালয়ে আগুন দিয়েছে ও ভাঙচুর চালিয়েছে, যার একটি তালিকা তৈরি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের।
সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল বলেন, ‘ভোট গ্রহণের আগে ও পরে নাশকতায় আমাদের ১৫টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে এক দিন পাঠদান বন্ধ ছিল। আমরা শিক্ষকদের বলেছি শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে। তবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’
সরেজমিন ঘুরে জানা গেছে, দুর্বৃত্তরা ভোটের আগের রাতে এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে আগুন দিয়ে পাঁচটি কক্ষ, ছাত্রীদের নতুন বই, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আসবাবপত্র পুড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে এগুলো পুড়ে ছাই হয়ে যায়। এ স্কুলে মেয়েদের পাঠদানে বিঘ্ন ঘটছে।
নব্বইয়ের দশকে বিদ্যালটি প্রতিষ্ঠিত হয়। সেখানে ১০ জন শিক্ষক ও আড়াই শ ছাত্রী রয়েছে। আগুনে কয়েকটি কক্ষ পুড়ে যাওয়ার পর শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন আক্তার এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের স্কুলটি ভোটকেন্দ্রের জন্য তালিকায় ছিল না। তবু স্কুলটি পুড়িয়ে দিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে দুর্বৃত্তরা।’
কারা আগুন দিয়েছে—এ প্রশ্নের জবাবে শিরীন আক্তার বলেন, ‘ভোট প্রতিহতের নামে দুর্বৃত্তরা সারা দেশে অনেক স্কুল পুড়িয়ে দিয়েছে। আমাদের স্কুলও হয়তো একই গোষ্ঠীর দুর্বৃত্তরা লক্ষ্যবস্তু মনে করে আগুন দিয়েছে। আমারও প্রশ্ন, ওরা কি জানত না যে এ স্কুল ভোটকেন্দ্রের জন্য তালিকায় ছিল না?’
সাতকানিয়ার একজন বাসিন্দা জানান, নারী শিক্ষার প্রতি বিদ্বেষ থেকে এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হতে পারে।
সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিন শরীফ বলেন, ‘এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়টিতে ভোটকেন্দ্র ছিল না। তার পরও সেটি রক্ষা পায়নি। এখন স্কুলটির কক্ষ তৈরি ও সরঞ্জাম কিনতে ২০ লাখ টাকার ফরমাশ দিয়েছে কর্তৃপক্ষ। সরকার সাধ্যমতো চেষ্টা করবে।’
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢেমশা বড়ুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১২ জোড়া বেঞ্চ, ছয়টি জানালা, পাঁচটি মার্কার বোর্ড, তিনটি পুশপিন বোর্ড ও একটি কোরিয়ান বোর্ড ভাঙচুর এবং তিনটি দরজা পুড়িয়ে দেয় জামায়াত-শিবিরের ক্যাডাররা।
ঢেমশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেজামুল হক বলেন, নির্বাচনের দিন স্কুলের দুই দিক থেকে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন আহত হন। দুর্বৃত্তরা আমাদের মহিলা সহকর্মী সুচন্দা বড়ুয়াকে চড়-থাপড় মেরে মুঠোফোন কেড়ে নেয়।’
সুচন্দা বড়ুয়ার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাঁর চোখেমুখে যেন আতঙ্কের ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ নীরব থেকে বলেন, ‘না, আমার তো কিছু হয়নি।’