ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের একটি ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী। বড়ভিটা বাজারে মিছিল শেষে কুড়িগ্রাম-ফুলবাড়ী সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা।
এলাকাবাসী জানান, ইউনিয়নের বড়ভিটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের দুই সহস্রাধিক ভোটারকে এবার প্রায় তিন কিলোমিটার দূরের বড়লই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সম্পৃক্ত করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল সকাল ১১টায় বড়ভিটা বাজারে বিক্ষোভ মিছিল ও পরে কুড়িগ্রাম-ফুলবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শরিফ উদ্দিন, খয়বর আলী, আবদুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বড়ভিটা ভোটকেন্দ্রের ভোটারদের বড়লই কেন্দ্রে যুক্ত করা হয়েছে। এতে এখানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৫৪৬ জন। এত ভোটার এক জায়গায় হওয়ায় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘গত উপজেলা নির্বাচনের সময় বড়ভিটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ছিল। তবে গত দশম সংসদ নির্বাচনে ছিল না। সংসদ নির্বাচনে যে কেন্দ্রগুলো ছিল এবারের উপজেলা নির্বাচনে সেগুলোকেই বহাল রাখা হয়েছে। আমরা নতুন কোনো পরিবর্তন বা পরিবর্ধন করিনি।’