ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান মনজুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত চট্টগ্রাম নাগরিক আন্দোলনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম অভিযোগ করেছেন, ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের উত্তর কাট্টলিতে নিজ বাসভবনে লবণ শ্রমিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
সভায় নেতা-কর্মীদের উদ্দেশে মনজুর আলম বলেন, ভয়কে জয় করে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত ভোটকেন্দ্র থেকে ঘরে ফিরে আসা যাবে না। ভোট দেওয়ার পর ভোটকেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। দুপুরে তাঁর মা-বাবার কবর জিয়ারত করে ৪১ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণায় নামবেন।
তবে মনজুরের পক্ষে গতকালও জনসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে আবদুল্লাহ আল নোমান হালিশহর এলাকায় জনসংযোগ করেন। হালিশহরের এ ব্লক ও বি ব্লক এলাকায় প্রচারণার সময় তিনি মনজুর আলমের জন্য ভোট চান। সেখানে এক পথসভায় আবদুল্লাহ আল নোমান বলেন, মেয়র নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকেলে ২৩ নম্বর ওয়ার্ডের সুপারিওয়ালাপাড়া, সুলতান কলোনিসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ সময় এক পথসভায় তিনি বলেন, ভোটের দিন জনগণই ভোটকেন্দ্র পাহারা দেবে। প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। পথসভায় আরও বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম।