ভোটকেন্দ্র পোড়ানো মামলায় জামিন সেই বাচ্চুর

রাজশাহীর চারঘাটে ভোটকেন্দ্রে হামলা ও পোড়ানোর মামলায় জামিন পেলেন সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া মোখলেছুর রহমান বাচ্চু। গত ২ জুলাই হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক এই নেতাকে বরণ করে নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মোখলেছুর রহমানের বিরুদ্ধে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগের দিন রাতে শলুয়া ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র পোড়ানো, ভোটের দিনে হামলা ও ২০১২ সালে শলুয়া ডিগ্রি কলেজের মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের অনুষ্ঠানে জারি করা ১৪৪ ধারা ভঙ্গের মামলা রয়েছে। এর মধ্যে ভোটকেন্দ্র পোড়ানো মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এরপর আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে জেলা দায়রা জজ আদালত-২ এ আত্মসমর্পণ করে বিস্ফোরক আইনের মামলায় এবং বিচারিক হাকিম আদালত-৩ এ আত্মসমর্পণ করে ভোট কেন্দ্র পোড়ানো মামলায় মোখলেছুর রহমান জামিন প্রার্থনা করেন। দুই আদালতই তাঁর জামিন মঞ্জুর করেন।
মোখলেছুর রহমান আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন খবর পেয়ে সকালে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আত্মসমর্পণ করতে যাচ্ছেন বলে জানান। জামিন পাওয়ার পরে তিনি নিজেই ফোন করে বিষয়টি প্রথম আলোকে জানান। তিনি এ বিষয়ে একটা ‘নিউজ’ করার জন্যও বলেন।
এ দুই মামলার অপর চার আসামির মধ্যে একজন মারা গেছেন। অন্যদের মধ্যে চারঘাট উপজেলা চেয়ারম্যান ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ আদালতে আত্মসমর্পণ করে ৪৯ দিন ও রানা নামের অপর এক আসামি প্রায় দুই মাস হাজত বাস করেছেন। এ ছাড়াও অপর আসামি শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা এখনো পলাতক।
গত ২ জুলাই আওয়ামী লীগে যোগদান করার পর পর তাঁর কাছে জানতে চাওয়া এসব মামলা তুলে নেওয়ার শর্তে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন কি না। তখন তিনি বলেছিলেন, বিষয়টি তাঁরা (আওয়ামী লীগের নেতারা) ‘দেখবেন’ বলে জানিয়েছেন।
অবশ্য প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, দলে নতুন যোগ দেওয়া কারও নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না তা তাঁর জানা নেই। এটা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দেখার দায়িত্ব। তাঁরা এ ব্যাপারে তাঁকে কিছু বলেননি। তবে এমন কেউ থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে।