ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি প্রার্থীর আত্মাহুতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে এক সভাপতি পদপ্রার্থী গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির চেষ্টা করেন। পুলিশের বাধায় তিনি আত্মাহুতি দিতে না পারলেও তাঁর কর্মী-সমর্থকেরা কার্যালয় ভাঙচুর করেন। সেখানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।২৬ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে। এতে সাধারণ সম্পাদক পদে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল গফুর ও আন্তজেলা সড়ক সম্পাদক পদে নূর আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বাকি ২৬টি পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি ও সদরের এরুলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ মণ্ডল এবং বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহীম হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বগুড়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌফিক হাসান এবং সদস্যসচিব পদে রয়েছেন জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম।নির্বাচন পরিচালনা কমিটি ভোট গ্রহণের জন্য বগুড়ার প্রথম বাইপাসের ভবেরবাজার এলাকায় আন্তজেলা ট্রাক টার্মিনাল চত্বর নির্ধারণ করেছে। কিন্তু সেখানে ভোট গ্রহণ করা হলে নির্বাচন সুষ্ঠ হবে না বলে সভাপতি পদপ্রার্থী ইব্রাহীম হোসেনসহ ৩৪ প্রার্থী দাবি করেন। এ জন্য তাঁরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন পরিচালনা কমিটির কাছে ভোটকেন্দ্র সরানোর জন্য আবেদন জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে শহরের স্টেশন সড়কে মোটরশ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ইব্রাহীম হোসেন তাঁর কর্মী-সমর্থক নিয়ে সড়ক অবরোধ করেন। তাঁরা নির্বাচনের স্থান পরিবর্তন করে জিলা স্কুল অথবা শহীদ টিটু মিলনায়তন নির্ধারণ করার জন্য দাবি জানান। সেখানে ঘোষণা দেওয়া হয়, ভোট গ্রহণের স্থান পরিবর্তন না করায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মাহুতি দেওয়া হচ্ছে। এ কথা বলেই তিনি তাঁর শরীরে কেরোসিন ঢেলে দেন। সেখানে আগে থেকেই মোতায়েন করা পুলিশের হস্তক্ষেপে ইব্রাহীম হোসেন আত্মাহুতি দিতে পারেননি। তাঁর লোকজন মোটরশ্রমিক কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও আশপাশের দোকান ভাঙচুর করেন। এ সময় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইব্রাহীম হোসেন জানান, যেখানে ভোটকেন্দ্র করা হয়েছে, সেখানে ভোট সুষ্ঠুভাবে হবে না। নির্বাচন পরিচালনা কমিটিসহ প্রশাসনের কাছে বিষয়টি জানালেও তারা কোনো কথা শুনছে না।এ ঘটনার সময় মোটরশ্রমিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক চলছিল। এদিকে শহরে গুজব ছড়িয়ে পড়ে, মোটরশ্রমিক কার্যালয়ে অবস্থানরত জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলমের ওপর হামলা হয়েছে। এতে যুবলীগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যুবলীগ ও ছাত্রলীগের এক অংশের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন।এ ঘটনার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ভোট গ্রহণের স্থান পরিবর্তনের দাবি অযৌক্তিক। এর আগে নির্বাচন পরিচালনা কমিটি সব প্রার্থীকে নিয়ে মতবিনিময় করেছে। সেখানে এই দাবি তোলা হয়নি। এ ছাড়া নির্ধারিত স্থানে ভোট গ্রহণের পক্ষে ৬২ জন প্রার্থীর সমর্থন রয়েছে। তিনি জানান, ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করতে নির্বাচন পরিচালনা কমিটি সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে।