ভোটকেন্দ্রে দলে দলে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভোটকেন্দ্রে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। গতকাল রোববার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক নারী ভোট দিয়েছেন।স্থানীয় সূত্রগুলো বলছে, গতকাল উপজেলার সোনাপুর, চরমোহনা, উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও চরআবাবিল ইউনিয়নে নির্বাচন হয়। সকাল সাড়ে আটটার মধ্যেই ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন পড়ে যায়।চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, ভোট শুরুর পর থেকেই ২০-২৫ জন করে দলে দলে নারী কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬০ শতাংশ নারী ভোট দিয়েছেন।উত্তর চরবংশী ইউনিয়নের শিকদারকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা নারী আনসার মরিয়ম বেগম বলেন, ‘১৫ বছর ধরে বিভিন্ন ভোটের সময় কেন্দ্রে দায়িত্বে থাকি। এবারের মতো এত বেশি নারী ভোটারের উপস্থিতি আর দেখিনি।’দক্ষিণ চরবংশী ইউনিয়নের সংরক্ষিত ৩ ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগম ও ফোকরন নেছা জানান, একসময় এই এলাকার নারীদের ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না। আজ দলে দলে নারী ভোট দিতে কেন্দ্র আসছেন।চরমোহনা ইউনিয়নে নির্বাহী ম্যাজেস্ট্রিটের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নাছিম আহমেদ। তিনি বলেন, এবারের নির্বাচনে এখানে নারী ভোটারের উপস্থিতি ব্যাপক। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোতে উপস্থিত ভোটারের ৭০ শতাংশই ছিলেন নারী।উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার বলেন, ‘রায়পুরে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। আজ (গতকাল) ভোট প্রদানে নারীদের মধ্যে বেশ উৎসাহ ছিল। এটিকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।’