ভোটকেন্দ্রে দায়িত্ব দিতে টাকা নেওয়ার অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের নাম করে আনসার ও ভিডিপির কমান্ডারদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচন অফিস ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রত্যেক ভোটকেন্দ্রে ১৭ জন করে আনসার ও ভিডিপির সদস্য নিয়োগ করা হবে। দায়িত্ব পালনের জন্য সরকারিভাবে এসব লোকের পারিশ্রমিক দেওয়া হলেও আনসার ও ভিডিপির ইউনিয়ন পর্যায়ের কমান্ডাররা প্রত্যেকে নাম দেওয়ার বিনিময়ে ২০০ টাকা করে আদায় করেছেন।সাহেবরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থী সায়েদুল হাওলাদার বলেন, ‘শুধু আমার গ্রাম থেকে ৬৫ জনের কাছ থেকে ২০০ টাকা করে নিয়ে আনসার ও ভিডিপির সদস্য করেছেন।’ সাহেবরামপুরের হায়দার আলী আকনের স্ত্রী পারভিন বেগম বলেন, ‘প্রথমে ১৪ জন লোকের নাম দিয়েছি ১৫০ টাকা করে দিয়ে এবং পরে ৫০ জনের নাম দিতে ২০০ টাকা করে দিতে হয়েছে।’আনসার ও ভিডিপির কয়ারিয়া ইউনিয়নের কমান্ডার এসকান্দার আলী বলেন, ‘যাতায়াত খরচের জন্য আমরা ২০০ টাকা করে সম্মানী নিই। এই টাকা তো আমরা একা নেই না।’ অভিযোগ অস্বীকার করে উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার বাবুল আকতার বলেন, ‘আমি কোনো টাকা নেই না। উপজেলা অফিস থেকে কোনো টাকা নেওয়া হয় না।’