ভোটকেন্দ্রে না যেতে হুমকি প্রার্থী ও ভোটাররা আতঙ্কে
খুলনার রূপসা এবং ভোলার তজুমদ্দিন, মনপুরা ও দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি-সমর্থিত ও ‘বিদ্রোহী’ প্রার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ, এসব উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা তাঁদের প্রচারকাজে বাধা দিচ্ছেন, প্রচারকাজে ব্যবহূত সরঞ্জাম নষ্ট করছেন এবং কর্মী, সমর্থক ও ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন।
রূপসায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, বিএনপি-সমর্থিত জেলা বিএনপির প্রচার সম্পাদক এস এম মনিরুল হাসান এবং ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মনিরুল হাসান ১৮ মার্চ জেলা রিটার্নিং কর্মকর্তা ইলিয়াস হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, নৈহাটি ইউনিয়নের বাগমারা, চর রূপসা ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের সমর্থক মুস্তাকের নেতৃত্বে তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। রামনগর-রহিমনগরের বিভিন্ন স্থানে তাঁর কর্মী-সমর্থকদের এলাকা থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। ১৭ মার্চ রাতে নৈহাটির ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুজ্জামানকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এস এম শফিকুল আলম বলেন, ‘খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজার নির্দেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী নানাভাবে ভোটার ও নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে। সাধারণ ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনো ফল পাচ্ছি না।’ সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজা দাবি করেন, ‘আমার কোনো লোক এসব ঘটনার সঙ্গে জড়িত নয়।’
ভোলার তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা নিজেকে বিএনপি-সমর্থিত প্রার্থী দাবি করে বলেন, ‘ভোটারের সঙ্গে কুশল বিনিময় করতে পারছি না। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা প্রচারকাজে বাধা দিচ্ছেন।’
তজুমদ্দিনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম, দৌলতখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ চৌধুরী ও বিএনপি-সমর্থিত প্রার্থী মুন্সি জহুরুল ইসলাম এবং মনপুরায় বিএনপি-সমর্থিত প্রার্থী সামসুদ্দিন চৌধুরী সরকারের কাছে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ চৌধুরী অভিযোগ করেন, লালমোহন, চরফ্যাশন, বোরহানউদ্দিন ও সদর উপজেলায় প্রতিটি কেন্দ্রে ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থীরা ৩০০-৪০০ ক্যাডার রেখেছিলেন সিল মারার জন্য। তারাই জাল ভোট দিয়ে ৬০-৮০ ভাগ ভোট কাস্ট দেখিয়েছেন। দৌলতখান নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না।
চতুর্থ দফা উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ভোলা সদরের মোশারেফ হোসেন, বোরহানউদ্দিনের মহাব্বতজান চৌধুরী, লালমোহনের গিয়াসউদ্দিন ও চরফ্যাশনের জয়নাল আবেদীন আখন্দ সংবাদ সম্মেলন করে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে নির্বাচন হয়েছে। বিএনপি ভোট জালিয়াতি ও কারচুপির যে অভিযোগ করেছে তা মিথ্যা।