ভোটকেন্দ্রে নেই দরজা-জানালা
ভোটকেন্দ্রটির দুটি ভবনে মোট আটটি কক্ষ। একটি কক্ষেরও দরজা-জানালা নেই। ভেতরে বেঞ্চ বিছিয়ে ভোট গ্রহণের কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গতকাল রোববার দুপুর ১২টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মহেশাইল দাখিল মাদ্রাসায় গিয়ে এই দৃশ্য চোখে পড়ে।
প্রায় এক একর জমির ওপর গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানটির দুটি আধা পাকা ভবনে আটটি শ্রেণীকক্ষ নির্মাণাধীন। আট কক্ষের আটটি দরজা ও ১৬টি জানালার একটিরও পাল্লা নেই। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, দরজা-জানালাবিহীন ভোটকেন্দ্রটির নিরাপত্তার বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছিলেন।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম বলেন, টিআর, কাবিখার যৎসামান্য বরাদ্দ আর শিক্ষাপ্রতিষ্ঠানটির ১৬ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর বেতনের একটি অংশ দিয়ে আটটি ঘরের গাঁথুনি ও ওপরে টিন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। তবে দরজা-জানালা কেনা বা পলেস্তারাসহ অন্য কাজ করানোর সামর্থ্য তাঁদের নেই।