ভোটকেন্দ্রে ভিড় কম, বাইরে সরগরম
রোদ ঝলমলে শীতের সকাল। তবে কনকনে বাতাস নেই, শীতও হাড়কাঁপানো নয়। এমন আবহাওয়ায়ও গতকাল সোমবার ঢাকার সাভার ও ধামরাই পৌরসভায় অনেক কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়নি। ফাঁকা ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা সময় কাটিয়েছেন গল্পগুজব করে। তবে কেন্দ্রগুলোর বাইরে সরগরম ছিল প্রার্থীদের কর্মী-সমর্থকদের তৎপরতায়।সাভার, ধামরাইয়ের উল্টোচিত্র দেখা গেছে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভায়। সেখানে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল ভালো, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।নির্বাচনী কর্মকর্তারা জানালেন, সাভার ও ধামরাই পৌর এলাকার ৬০ শতাংশ ভোটারই শ্রমিকশ্রেণীর। তাঁদের বেশির ভাগ দুটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এসব কারখানা খোলা থাকায় শ্রমিকেরা ভোট দিতে আসেননি। ইপিজেডে ছুটি ঘোষণা করা হলে ভোটার উপস্থিতি বেশি হতো।সাভার: সকালে সাভার পৌরসভার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, দু-একটি ছাড়া অন্যান্য কেন্দ্র ছিল ফাঁকা। সকাল সাড়ে নয়টায় সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটার দেখা গেল হাতে গোনা। তবে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ছিল নারী ভোটারদের ভিড়। সাভার কলেজ কেন্দ্রে শাহানা আক্তার ডালিয়া নামের এক নারী অভিযোগ করেন, ভোটার তালিকায় তাঁর নাম কেটে দেওয়ায় তিনি ভোট দিতে পারেননি। বেলা ১১টায় কলকাকলি শিক্ষালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান জানান, এ কেন্দ্রে তখন পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে। দুপুর ১২টার দিকে মধ্য গেন্ডা আইডিয়াল হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খালেদা আক্তার জাহান জানান, ওই সময় পর্যন্ত তাঁর কেন্দ্রে ৩০ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রের ভোটাররা তৈরি পোশাক কারখানার শ্রমিক। কর্মস্থলে যাওয়ায় তাঁরা ভোট দিতে পারেননি।বেলা একটার দিকে শহীদ মজনু একাডেমি কেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। তবে কেন্দ্রের বাইরে ছিল বেশ ভিড়। আবদুল আলিম নামের একজন জানান, এ কেন্দ্রে সকাল থেকেই ভিড় ছিল কম। বেলা দেড়টার দিকে সোবহানবাগের নতুন কুঁড়ি বিদ্যানিকেতন কেন্দ্রেও পাওয়া গেল একই চিত্র। বেলা দুইটার দিকে সাভার কলেজ কেন্দ্র থেকে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়। অভিযোগ ওঠে, তিনি একজন প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারছিলেন। তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহীদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মুড়ি বইয়ে সিল দিচ্ছিলেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামও একই কথা জানান।বেলা তিনটার দিকেও সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটারদের ভিড় ছিল না। গৃহবধূ রজনী জানালেন, এবার অনেকে ভোট দিতে আসছেন না। দুপুরের পর সেন্ট পিটার্স কেন্দ্রে ভোটার ছিল না বললেই চলে। আরও কয়েকটি কেন্দ্রেও দেখা গেছে একই চিত্র। তবে এসব কেন্দ্রের বাইরে ছিল প্রার্থীদের সমর্থকদের ভিড়।ধামরাই ও সিঙ্গাইর: সকাল পৌনে নয়টায় ধামরাই পৌরসভার এন কে মডেল একাডেমি নারী ভোটকেন্দ্রের সামনে শুরু হয় ভোটারদের সারি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের উপস্থিতি বাড়লেও সংখ্যা ছিল খুব কম। ওই কেন্দ্রে নারী ভোটারসংখ্যা দুই হাজার ১৪৬। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ভোট পড়ে ২০০টি।ওই কেন্দ্রের ৫০ গজ দূরে ইসলামপুর হাফিজুল মাদ্রাসা পুরুষ কেন্দ্রে সকাল নয়টায় গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। কেন্দ্রের সামনের মাঠ ছিল ফাঁকা। তবে কেন্দ্রের চারপাশের সড়কগুলো ছিল নির্বাচনী পোস্টারে ঢাকা। প্রার্থীদের কর্মী-সমর্থকেরা ব্যস্ত ছিলেন ভোটারদের আকৃষ্ট করতে, বিশেষ করে প্রার্থীর প্রতীকসংবলিত ব্যাজ পরা নারীকর্মীরা ছিলেন তৎপর।ইসলামপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়ক পার হয়ে ধামরাই পৌরসভার আরও একটি কেন্দ্র ধামরাই সরকারি কলেজ। এখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক কেন্দ্র। দায়িত্বও পালন করেন দুজন প্রিসাইডিং কর্মকর্তা। বেলা সাড়ে ১১টার দিকে ওই কলেজে গিয়ে পুরুষ কেন্দ্রে কোনো ভোটার চোখে পড়েনি। নারী কেন্দ্রের সামনে ছিলেন জনা দশেক ভোটার।পুরুষ কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, পুরুষ ভোটারদের প্রায় সবাই কাজে ব্যস্ত থাকেন। এ কারণে উপস্থিতির সংখ্যা কম হতে পারে। নারী কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা নীলুফার ইয়াসমিন নারী ভোটারদের কম উপস্থিতির বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে কিছু বলেননি।ওই কেন্দ্র থেকে বের হয়ে বেশ সরগরম অবস্থা দেখা যায়। বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে নানা স্লোগান দিচ্ছিলেন। এ সময় একজন ম্যাজিস্ট্রেট এসে তাঁদের স্লোগান দিতে বারণ করেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর আবারও স্লোগান শুরু হয়।দুপুর ১২টায় ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয়ে পুরুষ কেন্দ্রের সামনে ফাঁকা পাওয়া যায়। ওই কেন্দ্রে এক হাজার ৮১৯ জন ভোটারের মধ্যে ততক্ষণে ভোট দিয়েছেন ৪০০ জন। তবে একই ভবনে নারী কেন্দ্রের সামনে সারিতে ৩০ জন ভোটার দেখা যায়।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাকসুদা হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’ ভোটারদের উপস্থিতি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।সিঙ্গাইরে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক। নারী ভোটারদের ভিড় ছিল উল্লেখ করার মতো।