‘পাবনায় যে ভোট হলো তার চেয়ে নদীর পানিও বেশি স্বচ্ছ।’ ভোট শেষে বেড়া বাজারে এক চায়ের দোকানের সামনে জটলা করে কিছু লোক টিভিতে খবর দেখছিলেন। তাঁদেরই একজন এ মন্তব্য করলেন।
গতকাল রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) ও পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ভোট গ্রহণ হলো। ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। এর মধ্যেও পাবনা-১ আসনে ভোটকেন্দ্র দখল করে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল দেওয়া, প্রিসাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের লাঞ্ছিত করা, গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
পাবনা-১ আসনের নির্বাচনই ছিল আলোচনার কেন্দ্রে। এখানে নৌকা মার্কার আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তালা মার্কার সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। এ আসনের অন্য দুই প্রার্থী ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম হাতুড়ি ও জেপির (মঞ্জু) আরাফাত ইয়াছিন বাইসাইকেল প্রতীক নিয়ে লড়েছেন। ভোটার তিন লাখ ৩১ হাজার ৮৬৪। ১১৮টি ভোটকেন্দ্রের ৬৩৯টি বুথে ভোট গ্রহণ করা হয়।
দুটি আসনের বহু কেন্দ্রে সরেজমিনে গিয়ে ভোটারের দেখা মেলেনি। পাবনা-১ আসনে অন্তত চারটি কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নৌকা মার্কায় সিল দেওয়ার তথ্য জানা যায় প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে। কেটে নেওয়া ব্যালটের মুড়িগুলো এবং নৌকায় সিল দেওয়া বেশ কিছু ব্যালটও দেখা যায়।
সাঁথিয়ার পাইকরহাটী শহিদ নগর প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ও মহিলাদের দুটি কেন্দ্রে ভোট কেটে নেওয়ার ঘটনা ঘটে সকাল নয়টা ২০ মিনিটের দিকে। এই দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম ও এস এম সাখাওয়াত হোসেন জানান, দুটি মাইক্রোবাসে করে জনা কুড়ি লোক এসে ভোটকেন্দ্রে ঢুকে পড়েন। তাঁরা বুথগুলোতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকায় সিল দিয়ে বাক্সে ফেলেন। প্রিসাইডিং কর্মকর্তারা বাধা দিতে গেলে লাঞ্ছিত হন।
আবদুল বাতেন নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জানান, ওরা তাঁকে চড়-থাপ্পড় দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন। তাড়াহুড়ায় ওই হামলাকারীরা নৌকায় সিল দেওয়া একটি ব্যালট বই টেবিলের তলায় ফেলে যায়। একই ঘটনার খবর মেলে শাটিয়াকোলা এবতেদায়ি মাদ্রাসার দুটি কেন্দ্রে। এখানকার দুই প্রিসাইডিং কর্মকর্তাও ঘটনার বর্ণনা দেন।
হামলাকারীদের কেন গুলির নির্দেশ দেননি জানতে চাইলে তাঁরা জানান, এই কেন্দ্রে মাত্র একজন পুলিশ ও ১২ জন আনসার নিরাপত্তার দায়িত্বে আছেন। একজন পুলিশ সদস্য বলেন, তিনি গুলি করার জন্য প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি চেয়েছিলেন। প্রিসাইডিং কর্মকর্তা ইউএনওকে ফোন করেন। ততক্ষণে ওরা কাজ সেরে চলে গেছে।
জানতে চাইলে সাঁথিয়ার ইউএনও শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোন পরিস্থিতিতে গুলির নির্দেশ দিতে হবে, তা আগেই প্রিসাইডিং কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। নতুন করে গুলির নির্দেশ দেওয়ার কিছু নেই।
দুটি মাইক্রোবাসে করে দলটি আরও বেশ কয়েকটি কেন্দ্রে গেছে বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা অভিযোগ করেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আসিফ আল শামস ও এপিএস আনিসুজ্জামান এই দলটির নেতৃত্বে ছিলেন। আতাইকুলা এলাকায় এই দলটিকে যৌথ বাহিনী ঘণ্টা খানেক আটকে রেখেছিল বলে দুপুর থেকে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পাবনা-১ আসনের সামান্যপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একটি দল সকাল সাড়ে ১০টার দিকে ঢোকার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। কোনো কোনো কেন্দ্র ছিল একেবারেই ফাঁকা। নিরাপত্তা বলতে বেশির ভাগ কেন্দ্রেই ছিল একজন পুলিশ, পাঁচ থেকে সাতজন পুরুষ ও জনা পাঁচেক নারী আনসার। কেন্দ্রগুলোর সামনে জটলা করেছিলেন প্রতিমন্ত্রীর লোকেরা। বেশির ভাগ কেন্দ্রেই তালা মার্কার এজেন্টকে দেখা যায়নি।
হুঁইখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তালা মার্কার এজেন্ট অভিযোগ করেন, নৌকা মার্কার লোকেরা তাঁদের জোর করে বের করে দিয়েছেন। এমন অভিযোগ পাওয়া গেছে চাকলা ইউনিয়ন পরিষদ কেন্দ্র, নন্দনপুর কে টি এস আয়েশা খাতুন উচ্চবিদ্যালয়, হাঁড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে।
ভোট শেষে আবু সাইয়িদ বলেন, অর্ধশতাধিক কেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাঁর ছেলে ও ভাইয়ের নেতৃত্বে দেড় শতাধিক সন্ত্রাসী জোর করে ব্যালট বই ছিনতাই করেছে। প্রতিমন্ত্রীর ছেলেকে নিরাপত্তারক্ষীরা আটক করেও ছেড়ে দিয়েছেন।
যোগাযোগ করা হলে প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, এসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন। বরং তিনিই তাঁর লোক দিয়ে ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বই কেড়ে নিয়ে সিল দেওয়ার ঘটনা ঘটিয়েছেন। ছেলের আটকের গুঞ্জন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ভোটের সময় এ রকম বহু গুজব ছড়ানো হয়। এসবের কোনো ভিত্তি নেই।
পাবনা-৩ আসনে প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত মকবুল হোসেন, গণতন্ত্রী পার্টির খায়রুল আলম (পায়রা মার্কা) ও স্বতন্ত্র আবুল কালাম আজাদ (আনারস)। এখানেও ভোটার উপস্থিতি ছিল খুব কম।