ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ ভোটাররা এ অভিযোগ করেছেন। এই আসনে ১৪ দলের দুই শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, এই আসনে আগামীকাল ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী। আর জাতীয় পার্টির (জেপি) প্রার্থী আইনজীবী এ কে এম নজরুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার জানান, দুই প্রার্থী ও তাঁদের সমর্থকেরা কয়েক দিন ধরে দুই উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, জনসভা ও মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন।
তবে নুরুন্নবী চৌধুরীর সমর্থকেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন।
ভোটাররা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন এবং হুমকি দিচ্ছেন। ভোট না দিলেও কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছেন। নইলে তাঁদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। তাঁরা জানিয়ে দিয়েছেন, ৮০ ভাগ ভোটারকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছি। জনগণ ‘সন্ত্রাস বাহিনীকে’ আর দেখতে চায় না। এ কারণে আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তিনি জানান, জাতীয় পার্টির মধ্যে কোনো কোন্দল নেই।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্শাল হিমু অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। যাঁরা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না, তাঁদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে।
নুরুন্নবী চৌধুরী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘৮০ থেকে ৮৫ ভাগ ভোটার কেন্দ্রে আসবেন। কারণ, মানুষ আমাকে ভালোবাসে। আমার সময়ে মানুষ রাতে নিরাপদে ঘুমাতে পারে, এ জন্যই মানুষ নৌকা মার্কায় ভোট দেবেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এ ধরনের হুমকি দেওয়ার বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।