দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনের মধ্যে দুটিতে গত রোববার নির্বাচন হয়েছে। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচনের দিন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীসহ সমর্থকেরা ভোটকেন্দ্রে যাননি। যে কারণে সারা দেশের তুলনায় বগুড়ায় সর্বনিম্ন ভোট পড়েছে।
তবে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী মনে করছেন, দুটি আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় এমনটি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ায় সংসদীয় আসন সাতটি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দুটি আসনে জয়লাভ করে। এবারের নির্বাচনে পাঁচটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে নির্বাচন হয়। বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির (জাপা-এরশাদ) আলতাফ আলী ও জেপির (মঞ্জু) আমিনুল ইসলাম এবং বগুড়া-৪-এ মহাজোটের প্রার্থী জাসদের রেজাউল করিম ও জাপার (এরশাদ) নুরুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্থানীয় ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এই দুটি আসনে ভোট প্রদানের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বগুড়া-৪-এ রেজাউল ২২ হাজার ২০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে ২০০৮ সালের নির্বাচনে রেজাউল মহাজোটের পক্ষে ভোট পেয়েছিলেন ৭৫ হাজার ৯৯১। এখানে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের শহিদুল আলম ভোট পেয়েছিলেন ৭২ হাজার ৪৬৪। ওই নির্বাচনে রেজাউল মশাল প্রতীকে পেয়েছিলেন দুই হাজার ৭৭৮ ভোট। সেই হিসাবে এখানে মহাজোটের নিজস্ব ভোটের পরিমাণ ৭০ হাজারের ওপরে। কিন্তু এবারের নির্বাচনে আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী ভোট দেননি। ভোটকেন্দ্র দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা করা হলেও ভোটের দিন একটি কেন্দ্রেও হামলা, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেনি। কাহালুতে এক লাখ ৫৬ হাজার ১৩০ ভোটারের মধ্যে ১২ হাজার ২৩৮ জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ৭ দশমিক ৮৪। নন্দীগ্রামে এক লাখ ২৭ হাজার ১১১ জনের মধ্যে ভোট দিয়েছেন ২৪ হাজার ৮৩ জন। ভোট প্রদানের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নিজেদের কোনো প্রার্থী না থাকায় ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নেতা-কর্মীরা মাঠে ছিলেন না। কিছু কিছু ভোটারকে ভয়ভীতি দেখানোর কারণেও অনেকে কেন্দ্রে যাননি।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া-৭ আসনে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিপক্ষে মহাজোটের (জাপা) আলতাফ ৯২ হাজার ৮৩৯ ভোট পেয়েছিলেন। কিন্তু এবার আলতাফ পেয়েছেন সাত হাজার ৬৩ ভোট। এই আসনের গাবতলী উপজেলায় ৮৮টি ভোটকেন্দ্রে কোথাও ভোটার ছিলেন না। অধিকাংশ ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর, ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে ৪২ কেন্দ্রে সামান্য কিছু ভোট পড়েছে। এই আসনের শাজাহানপুরে ৭৩টি কেন্দ্রে এক লাখ ৯৮ হাজার ভোটারের মধ্যে ভোট প্রদানের হার ৩ দশমিক ৬৪ শতাংশ। জানা গেছে, ২০০১ সালের নির্বাচনে বগুড়া-৭ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমিঞ্চলিত ভোট ছিল ৩৮ হাজার ৯৮৬।
এ ব্যাপারে বগুড়া জেলা আওয়ামী লীগের সম্পাদক মজিবর রহমান জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা একেবারে মাঠে ছিলেন না তা নয়। তাঁরা মাঠে ছিলেন বলেই ভোট পড়েছে। তবে পরিমাণে কম।