ভোটকেন্দ্রের অবস্থান জানা যাচ্ছে এসএমএসে
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ভোটাররা গতকাল শনিবার থেকে মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
আসাদুজ্জামান জানান, ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ১৭ ডিজিটের হলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন।
যাঁদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাঁদের মুঠোফোনের অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে ৪ ডিজিটের জন্মসাল লিখে তারপর ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া যাঁরা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তাঁরা মেসেজ অপশনে গিয়ে পিসি টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরমেটে জন্মতারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
এসএমএস ছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করে ভোটকেন্দ্রের নাম জানা যাবে। এ ছাড়া ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করেও ভোটাররা ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। ভোট দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই। যাঁরা নতুন ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তাঁরাও ভোট দিতে পারবেন।