ভোটকেন্দ্রের চারপাশে থাকবে নিরাপত্তাবেষ্টনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের এক দিন আগেই ভোটকেন্দ্রের চারপাশের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কেউ যাতে নির্বাচনী মালামাল নষ্ট করতে না পারে, সে জন্য কমিশন রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছে।
গতকাল বুধবার নির্বাচন কমিশনের এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের চারদিকে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল সীমিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ দল এবং স্ট্রাইকিং ফোর্সের টহল জোরদার করতে হবে। ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল সংরক্ষণ এবং ভোটকেন্দ্রে পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ হবে ৫৯ জেলার ১৪৭টি আসনে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এই নির্বাচন ঠেকাতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
প্রচারণা কাল শেষ হচ্ছে: এই নির্বাচনের প্রচার-প্রচারণার সময় আগামীকাল শুক্রবার সকাল আটটায় শেষ হচ্ছে। প্রচারণা নিষিদ্ধ থাকবে ভোট গ্রহণের দিন সকাল আটটা পর্যন্ত। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আলোকে জারি করা নির্বাচন কমিশনের পরিপত্রে এ কথা জানানো হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৮ ধারা অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর সময় থেকে পূর্ববর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, যে ১৪৭টি আসনে ভোট গ্রহণ হবে, এগুলোতে ১২টি দলের ৩৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ভোটার চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ২০৯ এবং ভোটকক্ষের সংখ্যা ৯১ হাজার ২১৩। প্রতি আসনে একজন করে বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। তিনি জানান, নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য কমিশন আজ বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে।
বিটিভিতে ভাষণের সুযোগ ছয় দলের: কমিশন সচিবালয় সূত্র জানায়, ১২টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও শুধু ছয়টি দলের প্রধান বা তাঁদের প্রতিনিধিরা বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাবেন। কিসের ভিত্তিতে বাকি ছয়টি দলকে সুযোগ দেওয়া হচ্ছে না, সে সম্পর্কে কমিশন সচিবালয় থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সুযোগ পাওয়া ছয়টি দলের মধ্যে আওয়ামী লীগ ৪০ মিনিট, জাতীয় পার্টি ২০ মিনিট এবং জাতীয় পার্টি (জেপি), জাসদ, ওয়ার্কার্স পার্টি ও বিএনএফ ১৫ মিনিট করে ভাষণ দেওয়ার সুযোগ পাবে। বিটিভিতে ভাষণ দেওয়ার সুযোগ না পাওয়া দলগুলো হলো: গণতন্ত্রী পার্টি (আসন একটি), ন্যাশনাল আওয়ামী পার্টি (আসন ছয়টি), বাংলাদেশ তরীকত ফেডারেশন (আসন তিনটি), গণফ্রন্ট (আসন একটি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (আসন একটি) ও বাংলাদেশ খেলাফত মজলিস (আসন দুটি)।