ভোটকেন্দ্রের বাইরে ফাঁকা ভেতরে জাল ভোটের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে গতকাল রোববার সকাল নয়টার পর আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা অধিকাংশ কেন্দ্র দখল করে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল ১০টায় কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ তুলে বিএনপি-সমর্থিত প্রার্থী রুহুল আমিন নির্বাচন বর্জন করার ঘোষণা দেওয়ার পর কেন্দ্রগুলো ভোটারশূন্য হয়ে পড়ে।
এরপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রগুলো দখল করে সিল মারতে শুরু করেন। তবে ভোটার না থাকলেও কেন্দ্রগুলোতে ভোট পড়েছে বলে দেখানো হয়েছে। গতকাল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলার ২০টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে কোনো ভোটার নেই। কেন্দ্রগুলোর নারী ও পুরুষ ভোটারদের বুথে ঢুকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা সিল মারছেন।
সরেজমিন পৌর শহরের কে এম লতিফ ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে সকাল নয়টায় গিয়ে দেখা গেছে, সেখানে ২৩৬টি ভোট পড়েছে। তখন ওই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ছিল। সকাল ১০টায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের পর কেন্দ্রটি আওয়ামী লীগের নেতা-কর্মীরা দখল করে নেন। এরপর সেখানে ভোটার উপস্থিতি কমতে থাকে। একপর্যায়ে কেন্দ্রটি ভোটারশূন্য হয়ে পড়ে। এ সময় নেতা-কর্মীরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার টেবিলের ওপর ব্যালট পেপার রেখে সিল মেরে বাক্সে ঢোকান। ভোটার না থাকলেও বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে এক হাজার ২২৩ ভোট পড়ে। দিনের শেষে দুই হাজার ৯২৩ ভোটের মধ্যে ভোট পড়েছে দুই হাজার ৫২৩টি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেন্দ্রের এক ভোটার (২০) জানান, তিনি সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ভোট দেওয়ার জন্য যান। কিন্তু সেখানে গিয়ে তিনি সরকারি দলের কর্মীদের প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখে ভোট না দিয়ে চলে আসেন। জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল আলম বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি।’
উপজেলার ওয়াহিবিয়া বালিকা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গতকাল সকাল পৌনে ১০টা, দুপুর ১২টা ও বেলা সাড়ে তিনটায় গিয়ে কোনো ভোটার পাওয়া যায়নি। অথচ বেলা দুইটার মধ্যে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়েছে। শুধু সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে ওই কেন্দ্রে ৯৭৭টি ভোট পড়ে। এক ঘণ্টা পর পর ভোট পড়ার হার বাড়ছে বলে দেখানো হয়। ওই কেন্দ্রে সকাল নয়টায় ২৮৭, ১০টায় ৫০০, বেলা ১১টায় এক হাজার ৪৭৭, দুপুর ১২টায় এক হাজার ৫০০, একটায় এক হাজার ৬০৩, দুইটায় এক হাজার ৬০৭, তিনটায় এক হাজার ৬০৮, চারটায় এক হাজার ৬০৮ ভোট পড়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে হাতেম আলী বালিকা বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোটার পাওয়া যায়নি। সেখানে একটি কক্ষে পোলিং কর্মকর্তাকে ঘুমাতে দেখা যায়। এ ছাড়া হোগলপাতি সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ শাঁখারীকাঠি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার না থাকলেও ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়েছে।
কেন্দ্র দখল ও সিল মারার অভিযোগের বিষয়ে আশরাফুর রহমান বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। আর তাঁর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ ঠিক নয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিব জানান, ৭১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ভোটকেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি।