ভোটগ্রহণে অনাস্থা প্রকাশ জোনায়েদ সাকীর

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকী (জোনায়েদ সাকী) বলেছেন, ‘এ পর্যন্ত নির্বাচনে যেভাবে ভোটগ্রহণ হয়েছে, এর ওপর আমাদের কোনো আস্থা নেই। আমরা পূর্ণ অনাস্থা প্রকাশ করছি। এ ভোটের ফলাফলে প্রকৃত জনরায় প্রতিফলিত হবে না, তাই আমরা আগাম ফলাফল প্রত্যাখ্যান করছি।’
রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোনায়েদ সাকী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে ৪০টি কেন্দ্রের খবর পেয়েছেন তাঁরা। সেসব তথ্য থেকে তাঁরা জানতে পেরেছেন, ব্যালট বাক্স দখল করা হয়েছে, সিল মারা হয়েছে, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, সাধারণ ভোটারদের মধ্যে যারা ভোট দিতে যেতে চেয়েছিল তাদের বাধা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এই পুরো প্রক্রিয়ায় সরকার দল সমর্থক ও প্রশাসন এক সঙ্গে কাজ করেছে। নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেনি।