রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিরোধিতা করে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভ।
গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত দেশভিত্তিক বক্তৃতা অনুষ্ঠানে নির্ধারিত বক্তৃতার পর শ্রোতাদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত এ ধন্যবাদ জানান। গত শুক্রবার সাধারণ পরিষদে ওই ভোটাভুটি হয়।
ক্রিমিয়া পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে আলেক্সান্ডার নিকোলায়েভ বলেন, শুক্রবার সাধারণ পরিষদের বৈঠকে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়াকে স্বীকৃতি না দিতে একটি প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ১০০টি ও বিপক্ষে ১১টি দেশ ভোট দেয়। ভোটদানে বিরত থাকে ভারত, চীন ও বাংলাদেশসহ ৫৮টি দেশ। প্রভাবিত না হয়ে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
‘আধুনিক আন্তর্জাতিক নীতিতে রাশিয়া’ শীর্ষক এই বক্তব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক এস এস সফিউদ্দীন আহমেদ। নির্ধারিত ওই বক্তব্যের পর শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রুশ রাষ্ট্রদূত।
সিরিয়া ও ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাবলিতে রাশিয়া পেশি প্রদর্শনের নীতি নিয়েছে কি না, প্রশ্ন করা হলে রুশ রাষ্ট্রদূত নেতিবাচক জবাব দেন। তিনি বলেন, রাশিয়া তার স্বার্থের বিষয়টিতে নজর দিচ্ছে। বিশ্ব পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের প্রাধান্য রাশিয়া মেনে নেবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, রাশিয়া বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে। তাই শুধু যুক্তরাষ্ট্র কেন, যেকোনো দেশ এক মেরুর বিশ্ব প্রতিষ্ঠার চেষ্টা চালালে তা মেনে নেবে না রাশিয়া।
বড় দুর্ঘটনা ঘটলে তা সামাল দেওয়ার ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কতটা নিরাপদ—এ প্রশ্নে রুশ রাষ্ট্রদূত বলেন, জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়ের পর এ প্রশ্ন উঠছে। ফুকুশিমার প্রকল্পের চেয়ে রূপপুর অন্তত ১০ গুণ নিরাপদ। এ ছাড়া ভূমিকম্প ও সুনামির পাশাপাশি বিমান হামলার পরও নিরাপদ থাকবে রূপপুর প্রকল্প।
আলেক্সান্ডার নিকোলায়েভ জানান, চীন, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে রূপপুরের মতো ৩০টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে রাশিয়া।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজের সমালোচনা করে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘তিনি সব সময় বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করছেন। প্রাথমিকভাবে বুঝতে পারিনি কেন তিনি এ নিয়ে কথা বলছেন? পরে বুঝতে পেরেছি, দুই বছর আগে ইরানে একটি বৃহদায়তনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র সফলভাবে নির্মাণ করেছে রাশিয়া। অথচ ওই প্রকল্প নির্মাণে ব্যর্থ হয়েছে জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স। জার্মান রাষ্ট্রদূতের এ অবস্থানের পেছনে এটা কারণ হতে পারে।’
প্রসঙ্গত, জার্মান রাষ্ট্রদূত ১৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্যে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁর মতে, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় পরিবেশের ঝুঁকিকে বিবেচনায় নেওয়া উচিত।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী আজ আসছেন
কূটনৈতিক প্রতিবেদক
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। এ সফরে তিনি রানা প্লাজা ধসের এক বছর পূর্তির প্রাক্কালে শ্রমিক অধিকার ও কারখানার কর্মপরিবেশের উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের সময় অ্যালান ডানকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হতে পারে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর।
যুক্তরাজ্যের দেওয়া সহায়তা বাংলাদেশের উন্নয়নে কতটা কাজে লাগছে, এ সফরের সময় অ্যালান ডানকান সে সম্পর্কেও খোঁজ নেবেন।