ভোটভিক্ষায় ফেরারি আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগের নেতা আয়ুব হোসেন খান। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ-১-এর আদালতে (মামলা নম্বর কালী—সি.আর ৫৫৬/০৯) এই মামলাটি বিচারাধীন। আদালত ও পুলিশের কাছে ফেরারি আসামি কালীগঞ্জ থানা যুবলীগের সাবেক সভাপতি আয়ুব হোসেন বর্তমানে নির্বাচনের মাঠে ভোটভিক্ষায় ব্যস্ত। ৯ জুন এই ইউনিয়নে নির্বাচন হবে। ওই ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনী আইন অনুযায়ী কোনো ফেরারি আসামির মনোনয়ন বাতিল হওয়ার কথা। অথচ আয়ুব হোসেন গরুর গাড়ি প্রতীকে নির্বাচনে লড়ছেন। আদালত সূত্র এবং ইউনিয়নের একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের পান্ত আলী খানের ছেলে আয়ুব হোসেন খান ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি উপজেলার মশিয়াহাটি গ্রামের শিপন মিয়ার কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। ওই বছরের ১০ মার্চ তিনি শিপন মিয়াকে শাহজালাল ইসলামী ব্যাংক ঢাকার কারওয়ান বাজার শাখার একটি চেক (এক লাখ টাকার) দেন। শিপন মিয়া ব্যাংকে গিয়ে জানতে পারেন, আয়ুব হোসেন তাঁর হিসাব বন্ধ করে দিয়েছেন। এরপর শিপন ঝিনাইদহ আমলি ম্যাজিস্ট্রেট আদালত খ-অঞ্চলে একটি মামলা করেন। মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা জজ-১ আদালতে বিচারাধীন। সূত্রগুলো বলছে, ওই মামলায় আসামি আয়ুব হোসেন আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একপর্যায়ে তাঁর অনুপস্থিতিতে মামলার বিচারকাজ শুরু হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ অক্টোবর ঢাকা থেকে প্রকাশিত খবরপত্র ও যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আয়ুব হোসেন খানকে আদালতে হাজির হতে বলা হয়েছে। আগামী ১ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারিত আছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ আছে। সর্বশেষ গত মাসের ২২ তারিখে কালীগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, আয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি থানা কর্তৃপক্ষ তাঁদের অবহিত করেনি। এ কারণে তাঁর মনোনয়ন বৈধ হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এখন তাঁদের আর কিছুই করার নেই। এখন বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে; অথবা কেউ আদালতে গেলে আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। নির্বাচন কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন (তালিকা) দেওয়ার দায়িত্বে থাকা কালীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল খায়ের দাবি করেন, আয়ুব হোসেন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে—এমন তথ্য তাঁদের কাছে নেই। এ কারণে আয়ুব হোসেনের নাম ওই তালিকায় দেননি। এ ব্যাপারে আয়ুব হোসেনের মুঠোফোনে (০১৭১৬২৪৫১৪২) যোগাযোগ করা হলে মাহবুবুর রহমান নামের একজন ফোন ধরে বলেন, ‘চাচা এখন কথা বলতে পারবেন না। তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন।’