ভোটাধিকার কেড়ে নেওয়ার ইচ্ছা নেই আ.লীগের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের গণতান্ত্রিক ও ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে বলেছেন, তাঁর দলের এসব মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা নেই। গতকাল বৃহস্পতিবার সকালে তরীকত ফেডারেশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণতন্ত্র সুরক্ষা ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ক্ষমতায় আসার পর বর্তমান সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ কঠোর হাতে দমনের মাধ্যমে দেশকে এই কলঙ্ক থেকে মুক্ত করেছে। তিনি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দারিদ্র্য ও দুর্নীতি নির্মূলে তাঁর প্রচেষ্টার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্যের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এখন একটি রোলমডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সম্প্রতি প্রকাশিত সূচকের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, ওই সূচকেই প্রমাণিত হয়েছে বাংলাদেশে দুর্নীতি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আন্দোলনের নামে দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, লোকজনকে পুড়িয়ে মারা এবং সরকারি ও বেসরকারি সম্পত্তিতে হামলা ও অগ্নিসংযোগ কী ধরনের রাজনীতি?
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী নয় সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি-জামায়াতের সমালোচনা করে তরীকত ফেডারেশনের নেতারা বলেন, সাধারণ নাগরিকেরা বিএনপি-জামায়াতের আন্দোলনে সাড়া দিচ্ছে না। দেশ ও দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের গৃহীত কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন তরীকত নেতারা।