ভোটাধিকার হাইজ্যাক হলে রুখে দাঁড়াতে হবে: ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে দুর্বল করা হয়েছে। সরকারে থেকে নির্বাচন দেবে বলছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। কোনোভাবেই এ নির্বাচন সুষ্ঠু হবে না। ভোটাধিকার হাইজ্যাক করা হলে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ‘জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের লক্ষ্যে’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য দেন বিকল্পধারার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টা এস এম আকরাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের চট্টগ্রামের সমন্বয়ক নুরুল আবছার প্রমুখ।
গণফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. জানে আলমের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল মোমেন চৌধুরী।
ড. কামাল হোসেন বলেন, সংসদকে গুরুত্বহীন করে রাখা হয়েছে। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় না। রানা প্লাজা ধস, পদ্মা সেতু দুর্নীতি, হল-মার্ক কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে সংসদ ও সাংসদেরা ভূমিকা রাখেননি। সব দল, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন সর্বোপরি সবার মতামত নিয়ে নির্বাচনের ‘ফর্মুলা’ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, ‘তিনটি এম-এর মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণ করা হচ্ছে। এগুলো হলো—মানি, মাসল ও মার্কা। এটার অবসান হওয়া দরকার। ভোটতন্ত্র অবসান হওয়ার মাধ্যমে সত্যিকারের গণতন্ত্র কায়েম হোক, এটাই আমি চাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার একক ইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়েছে। তিনি সরকারের টাকা খরচ করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।