ভোটাভুটি ছাড়াই নাম ঘোষণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা বিএনপির সম্মেলন শেষে সোমবার রাতে কোনো রকম ভোটাভুটি ছাড়াই কেন্দ্রীয় নেতারা জেলা বিএনপির কমিটি ঘোষণা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘোষিত কমিটিতে সাবেক সভাপতি মাহবুবুল আলম সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ও রেজবুল কবির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। সোমবার দিনভর সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সার্কিট হাউসে কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার সভায় বসেন কেন্দ্রীয় নেতারা। গভীর রাতে তাঁরা ওই তিনজনের নাম ঘোষণা করেন। কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে কমিটি ঘোষণা করায় নেতা-কর্মীরা সভাস্থলে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে বরগুনায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সভায় উপস্থিত বেশ কয়েকজন কাউন্সিলর নাম গোপন রাখার শর্তে প্রথম আলোকে জানান, কাউন্সিলরেরা প্রায় সবাই ভোটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচনের দাবি তোলেন। এ নিয়ে গভীর রাত পর্যন্ত ব্যাপক আলোচনা ও বাকবিতণ্ডা চলে। পরে রাত ১০টার দিকে কেন্দ্রীয় নেতারা ভোট ও মতামত ছাড়াই জেলা কমিটির ওই তিনটি পদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার ক্ষোভ প্রকাশ করে সভাস্থল থেকে বের হয়ে যান। সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল দুপুরে তিনি বলেন, সম্মেলন শেষে সার্কিট হাউসে ডেকে নিয়ে কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে যে কমিটি কেন্দ্রীয় নেতারা দিয়েছেন, সেটা সম্পূর্ণ অবৈধ ও গঠনতন্ত্র-পরিপন্থী। বিষয়টি ফোনে চেয়ারপারসনকে জানিয়েছি। এ নিয়ে লিখিত অভিযোগও তাঁর কাছে দেব। সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘তিনি তো কাউন্সিল অধিবেশন থেকে পালিয়ে গেছেন। ক্ষমতার লোভে যারা দল বদল করতে পারেন তাঁরা অনেক কথাই বলতে পারেন। বরগুনার বিএনপির নেতা-কর্মী এখন ঐক্যবদ্ধ, এসব বিভ্রান্তিকর কথা বলে কেউ আমাদের দুর্বল করতে পারবে না।’ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশালের সাবেক সিটি মেয়র মজিবর রহমান, রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা খন্দকার হোসেন উপস্থিত ছিলেন। মাদারীপুর বিএনপির কাউন্সিল মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। জেলা আহ্বায়ক কাজী হুমায়ন কবিরের সভাপতিত্বে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, সাবেক সাংসদ হেলেন জেরীন খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম।