সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটে ভোটাভুটির আট মাসেও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়নি। কমিটি না থাকায় ছাত্রদল বর্তমানে একাধিক দলে বিভক্ত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ফলে প্রায়ই তাদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ মে জেলা ছাত্রদলের সম্মেলনে এর কেন্দ্রীয় সভাপতিসহ ১৫ সদস্যের একটি দল কিশোরগঞ্জ আসে। তবে সংঘর্ষের কারণে সম্মেলনের প্রথম অধিবেশন বাতিল হয়ে যায়। কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করতে বাধ্য হন। ওই দিন সন্ধ্যায় শহরের একটি হোটেলে তাঁরা সব পক্ষের উপস্থিতিতে জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং গোপন ব্যালটে ১৬৭ জন কাউন্সিলরের ভোট নেন। তবে ভোট গণনা না করেই তাঁরা ব্যালট বাক্স নিয়ে ঢাকায় চলে যান। এ সময় তাঁরা বলেন, ঢাকায় গিয়ে ভোট গণনা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি ঘোষণা করবেন। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি।এদিকে শহরের কয়েকটি স্থানে সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোকাম্মেল হকের সমর্থকদের মধ্যে গত আট মাসে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। গত ২১ আগস্টের সংঘর্ষে মাসুদের পক্ষের পাঁচজন এবং মোকাম্মেলের পক্ষের তিনজন আহত হন। ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে স্টেশন সড়কে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ ছাড়া তারিকুজ্জামান ও আবদুল্লাহ আল মাসুদের সমর্থকদের মধ্যে শহরের গৌরাঙ্গবাজার ও রথখোলায় কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে।মোকাম্মেল হক বলেন, কমিটি ঘোষণা না করায় অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে ছাত্রদলের ত্যাগী ও আদর্শ নেতা-কর্মীরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। ছাত্রদলে ঢুকে পড়ছে ছাত্র নামধারী অপশক্তি। পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল মোর্শেদ খান জানান, ছাত্রদলের ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করতে হবে। তা না হলে কোনো অবস্থাতেই কমিটি মেনে নেওয়া হবে না। আবদুল্লাহ আল মাসুদ বলেন, কমিটি না থাকায় ছাত্রদলের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। সাংগঠনিক কাজে চলছে এক ধরনের স্থবিরতা।এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক মুঠোফোনে প্রথম আলোকে জানান, কমিটি গঠন করা হয়েছে। তবে সভাপতি ও সম্পাদক কমিটি ঘোষণা করছেন না। কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন জানান, ২৭ জানুয়ারির মধ্যে কমিটি ঘোষণা করা হবে।