গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ ও কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে গতকাল দুপুরে বগুড়া সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশন (ইসি) কাউকে কোনো ছাড় দেয়নি। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে তিনি বলেন, গত রোববার ভোটের দিন বেলা ১১টা থেকে মুষলধারে বৃষ্টি ছিল। এ কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কমে যায়।গতকাল ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে ভোটার উপস্থিতি ৬০ থেকে ৭০ শতাংশ হবে, এমনটি আশা করা উচিত নয়। কারণ, এতে বড় একটি রাজনৈতিক দল অংশ নেয়নি। তা ছাড়া, একই পরিবারের দুজন সদস্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হয়ে থাকতে পারে। তাই ৪৩ দশমিক ৩৩ শতাংশ ভোটকে কমিশন যথেষ্ট বলে মনে করে। শাহনেওয়াজ জানান, কমিশন চলতি মাসেই টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে। ১২ ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন শেষ করতে হবে। আনুষ্ঠানিক ফলাফল: গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমিকে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার তাঁকে বিজয়ী ঘোষণা করেন।এর আগে নির্বাচনের দিন (গত রোববার) বিকেলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান লিখিত অভিযোগ করেন। এই অভিযোগ সম্পর্কে মিহির সারওয়ার বলেন, ‘যে কেন্দ্রগুলোতে ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করা হয়েছে, সেগুলোর প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা এবং এজেন্টদের কাছ থেকে এ-সংক্রান্ত কোনো তথ্য ও প্রমাণ পাইনি। এর পরও উনি যদি মনে করেন, তা হলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।’মিহির সারওয়ার জানান, এ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন ৬৩ হাজার ৪০১, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান ২৬ হাজার ৩৪৯ এবং সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল এক হাজার ৪২৮ ভোট পেয়েছেন।