
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের স্থগিত ৪৬টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও ভোটার উপস্থিতি নিয়ে সংশয়ে আছেন প্রার্থীরা। এদিকে নেতা-কর্মীরা মাঠে না থাকলেও ভোট ঠেকাতে আজ গাবতলী উপজেলায় হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
৫ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন সহিংসতার কারণে এ আসনের গাবতলী উপজেলার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৬টির ভোট গ্রহণ স্থগিত করা হয়। এগুলোতে মোট ভোটার এক লাখ ১৫ হাজার ৫৬৬ জন। ওই দিন এ আসনের ১৬১ কেন্দ্রের যেগুলোতে ভোট গ্রহণ হয়, সেগুলোর ঘোষিত বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ আলতাফ আলী। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জেপির এ টি এম আমিনুল ইসলাম।
গাবতলীর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানা বলেন, তিনি আশা করছেন, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটন গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহার ও নির্বাচন বাতিলের দাবিতে আজ হরতালের ঘোষণা দেন।
গতকাল গাবতলীর জয়ভোগা দীঘিপাড়ার একটি দোকানে বসে থাকা ১০-১২ জন বয়স্ক মানুষের একজন মো. আলী জানান, তিনি দুই প্রার্থীর কাউকে চেনেন না। ভোট নিয়ে আগ্রহও নেই। তার পরও হয়তো ভোট দিতে যাবেন। অন্য কয়েকজনও একমত প্রকাশ করেন।
অবশ্য ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে সংশয়ে আছেন প্রার্থীরা। জাপার প্রার্থী বলেন, ‘ভোট ঠেকাতে আজ আবার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। এ অবস্থায় ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যাবেন কি না, তা নিয়ে সংশয়ে আছি।’ জেপির প্রার্থী বলেন, ভোটার উপস্থিতির ব্যাপারে পুরো আশ্বস্ত না হলেও প্রশাসনের উদ্যোগের কারণে অন্তত দলীয় লোকজন কেন্দ্রে যাবেন।