ভোটার উপস্থিতি নৈরাশ্যজনক, সহিংসতা গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনে সীমিত আকারের অংশগ্রহণ এবং ভোটার উপস্থিতি কম হওয়াকে নৈরাশ্যজনক বলে মন্তব্য করেছে কমনওয়েলথ। একই সঙ্গে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় এগোনোর পথ খুঁজে বের করতে সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছে সংস্থাটি।

কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা আজ সোমবার এক বিবৃতিতে বলেছেন, ৫ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন-সম্পর্কিত পরিস্থিতি কমনওয়েলথ অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছে। সহিংস ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতিতেই সহিংসতা গ্রহণযোগ্য নয়।

কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার সঙ্গে, বিশেষ করে অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল নির্বাচনের সঙ্গে পরিস্থিতি সংগতিপূর্ণ না হওয়ায় এবার কোনো পর্যবেক্ষক পাঠায়নি কমনওয়েলথ।

লন্ডনে কমনওয়েলথ সদর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কমনওয়েলথ সনদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রত্যেক ব্যক্তির অংশগ্রহণের অধিকারসহ গণতান্ত্রিক সংস্কৃতি সমুন্নত রাখার বিষয়টিতে সরকার, রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের দায়িত্ব রয়েছে। সে কারণে দ্রুত অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় সামনে এগোনোর পথ খোঁজার জন্য আলোচনার ধারায় অগ্রসর হওয়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে জনগণের মতামত পুরোপুরি প্রতিফলিত হতে পারে।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক সংস্কৃতি ও প্রক্রিয়াসমূহ, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং অভিন্ন মূল্যবোধগুলোকে এগিয়ে নেওয়ার কাজে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ও ইচ্ছুক কমনওয়েলথ।