ভোটার কম, পরিবেশ শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এখানে ৯০৮ জন ভোট দিয়েছেন; যা মোট ভোটারের ২৪ শতাংশ।
কোম্পানীগঞ্জ উপজেলার ওই ভোটকেন্দ্রে তিন দফায় পরিদর্শনের চিত্র নিচে তুলে ধরা হলো:
প্রথম পরিদর্শন: সকাল ১০টা ১৮ মিনিট। ভোটকেন্দ্রের সামনে ভোটারের কোনো সারি নেই। এক-দুজন করে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন। ভোটকেন্দ্রে প্রবেশের জন্য পুরুষদের দুটি পথ ও নারীদের আলাদা আরেকটি প্রবেশপথ রয়েছে। কোথাও কোনো ভিড় নেই। ভোটকেন্দ্রের বাইরে বসে প্রার্থীদের এজেন্টরা রোদ পোহাচ্ছিলেন। পুলিশ দল কেন্দ্রের সামনে গাড়িতে বসে আয়েশি সময় কাটাচ্ছিলেন। এই সময় পর্যন্ত ২৩০ জন ভোট দিয়েছেন।
দ্বিতীয় দফা: বেলা একটা ৫০ মিনিট। কেন্দ্রের ভেতরে প্রার্থীদের এজেন্টরা দুপুরের খাবার খাচ্ছিলেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোট কী রকম পড়েছে তার হিসাব-নিকাশ করছিলেন। তখন পর্যন্ত ৫৪৪ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তৃতীয় দফা: তিনটা ৪১ মিনিট। ভোটকেন্দ্রের বাইরে ভোটারের কোনো সারি নেই। নারী ভোটকক্ষে তিনজন ও পুরুষের কক্ষে একজন ভোট দিচ্ছিলেন। চারটা বাজার এক মিনিট আগে একজন নারী ও দুজন পুরুষ ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হন। চারটা বাজার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে কোনো ভোটার ছিলেন না। আধা ঘণ্টা পর মুঠোফোনে যোগাযোগ করলে প্রিসাইডিং কর্মকর্তা জিতেন বাবু সিংহ জানান, তাঁর কেন্দ্রে ভোট পড়েছে ২৪ শতাংশ।