ভোটারের তথ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার (ডেটাসেন্টার) ও নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।
এই সাংসদ বলেছেন, তথ্যভান্ডারের নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মকর্তা বা টাইগার আইটির কাছে থাকলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
আজ মঙ্গলবার সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় ফরাজী এ কথা বলেন।
এর আগে বিকেল সোয়া চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
আলোচনায় রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ২০১২ সালের ৩০ জুন নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার কথা ছিল। টাইগার আইটি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই তথ্যভান্ডারসহ সকল কিছু হস্তান্তর না করে তাদের কাছে রেখে দিয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে তারা কম্পিউটারে একটি চাপ দিয়ে তথ্যভান্ডার থেকে সবকিছু মুছে ফেলতে পারে। তারা তথ্যভান্ডার গোপন কোনো সংস্থার কাছেও দিয়ে দিতে পারে বা পাচার করে দিতে পারে। এতে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।’
ফরাজী আরও বলেন, ভোটারের এই তথ্যভান্ডার এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ও বাংলাদেশ ব্যাংক ব্যবহার করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এখান থেকে তথ্য নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করতে পারে। ভূমি ডিজিটালাইজেশনে এই তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অথচ প্রকল্পের নামে বিশ্বব্যাংকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনে লুটপাট করা হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে।
নাগরিকের তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ফরাজী বলেন, চুক্তি ছিল, টাইগার আইটি কমিশনের কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রশিক্ষণ দিয়ে এই তথ্যভান্ডার কমিশনের কাছে হস্তান্তর করবে। কিন্তু তারা প্রশিক্ষণ দেয়নি, তথ্যভান্ডার হস্তান্তর করেনি। এ ব্যাপারে নির্বাচন কমিশন বলে তাদের কিছুই করার নেই। এই তুঘলকি কাণ্ড চলতে থাকলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।
আজ প্রথম আলোতে ‘ভোটার তথ্যভান্ডারের চাবি ইসির হাতে নেই, জাতীয় নিরাপত্তা ও নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়।