ভোটার, তবে ভোট দিতে পারেন না
কারাগারে থেকেই চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন আবদুল হালিম শাহ আলম। ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বিএনপি-সমর্থিত এই প্রার্থী নাশকতার মামলায় গত ১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী। স্বজনেরা নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁর জন্য ভোট চাচ্ছেন। একটি মামলায় হাজিরা দিতে গত সোমবার কারাগার থেকে আদালতে আসেন তিনি। আদালত প্রাঙ্গণে তিনি প্রথম আলোকে বলেন,‘আমি নিজের ভোটটি দিতে পারব না। এর চেয়ে দুঃখের বিষয় কী হতে পারে।’
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাঠগড় এলাকার ভোটার মো. সুমন। গত মঙ্গলবার কারাগার থেকে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘ভোটার হওয়ার পর জাতীয় সব নির্বাচনে ভোট দিয়েছি। এবার কারাগারে থাকায় ভোট দিতে পারব না।’ ভোট দেওয়ার সুযোগ দিতে জেল সুপারের কাছে মৌখিকভাবে আবেদন করেছেন তিনি। কারাগারে থেকেই প্রার্থী হয়েছিলেন নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি-সমর্থিত চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহাবুবুল আলম। তিনি গত ৮ এপ্রিল জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক প্রায় দুই হাজার বন্দী নগরের ভোটার হলেও ভোট দিতে পারবেন না। বিএনপির নেতারা জানান, দল ও জোটের ৮০০ নেতা-কর্মী সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রায় ৮০০ নেতা-কর্মী কারাগারে রয়েছেন। তাঁরা নির্বাচনে প্রচারণা চালাতে পারেননি। নেতা-কর্মী ছাড়া অনেক সাধারণ মানুষ কারাগারে আটক থাকায় বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট দিতে চাইলেও ভোট দিতে পারছেন না। এ জন্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে কয়েক দিনের মধ্যে জানানো হবে, যাতে কারাগারে আটক বন্দীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, কারাগারে আটক অনেক বন্দী দল-সমর্থিত প্রার্থীকে ভোট দিতে পারেন। এ জন্য তাঁরাও বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন।
তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাবন্দীরা ভোট দিতে পারবেন কি না সে সিদ্ধান্ত গ্রহণের যাবতীয় এখতিয়ার নির্বাচন কমিশনের।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, কারাবন্দীরা অতীতে কোনো নির্বাচনে কখনো ভোট দেননি। তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে অনেক বন্দী মৌখিকভাবে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আটক বন্দীদের মধ্যে প্রায় দুই হাজার বন্দী নগরের বিভিন্ন এলাকার ভোটার।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, চট্টগ্রাম কারাগারে আটক বন্দীদের মধ্যে নগরের ভোটার থাকলে জেল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি লিখিতভাবে জানালে তা নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বন্দীদের ভোটের বিষয়টি।
কারা সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গতকাল বুধবার পর্যন্ত ৫ হাজার ৯৭৬ বন্দী রয়েছেন। এঁদের মধ্যে ৫ হাজার ২৮ জন হাজতি (সাজাপ্রাপ্ত নন)। কয়েদি রয়েছেন ৯৪৮ জন (সাজাপ্রাপ্ত)।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ৫ জানুয়ারির পর ১৬ থানায় নাশকতার অভিযোগে ১০৮টি মামলা হয়েছে। এসব মামলায় বর্তমানে ৭৯৩ জন কারাগারে আছেন।
সাজাপ্রাপ্ত নন এমন কারাবন্দীদের ভোট দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অতীতে কখনো কারাগারে আটক বন্দীরা ভোট দিতে পারেননি। সাজাপ্রাপ্ত বন্দীরা ভোট দিতে পারেন না। কিন্তু যাঁদের এখনো সাজা হয়নি সেসব বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। ভোট দিতে আগ্রহী বন্দীরা জেলা কর্তৃপক্ষের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে কমিশন হাজতিদের ভোট গ্রহণের ব্যবস্থা করতে পারেন।