ভোটার তালিকা নিয়ে আবারও অভিযোগ, মঙ্গলবার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়ম ও অসংগতি নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সালিসি আদালতে (আরবিট্রেশন ট্রাইব্যুনাল) অভিযোগ করেছে চেম্বারের দুটি সদস্য-প্রতিষ্ঠান। ট্রাইব্যুনাল এই অভিযোগ নিষ্পত্তির জন্য আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।ভি মার্ক ফ্যাশন ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ এবং বনলতা ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন পৃথকভাবে গত বৃহস্পতিবার একই বিষয়ে অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিষয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি, নির্বাচন বোর্ডের সভাপতি এবং নির্বাচন আপিল বোর্ডের সভাপতিকে সরাসরি বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আজ রোববার ওই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগে এরশাদ উল্লাহসহ কয়েকজন ব্যবসায়ী নেতা নির্বাচন আপিল বোর্ডের কাছে ভোটার তালিকায় অনিয়মের বিষয়ে অভিযোগ দেন।অভিযোগে বলা হয়, বাণিজ্য সংগঠন বিধি অনুযায়ী ভোটার তালিকায় ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কোনো বিকল্প প্রতিনিধি ভোটার থাকতে পারেন না। অংশীদারি এবং লিমিটেড কোম্পানিতে বিধি অনুযায়ী একজন করে ভোটার থাকতে পারবেন। কিন্তু প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় অর্ডিনারি গ্রুপে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ভোটারসহ এক হাজার ৭৫৬ এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৯৫১ জন বিকল্প প্রতিনিধি রয়েছেন। একই কর নম্বরে অনেক ভোটার রয়েছেন। মৃত ব্যক্তিকেও ভোটার বানানো হয়েছে।এ প্রসঙ্গে এরশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ভোটার তালিকায় এসব অনিয়ম ও অসংগতির বিষয়ে চেম্বারের নির্বাচন আপিল বোর্ডে অভিযোগ করেও কোনো সন্তোষজনক জবাব না পাওয়ায় শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের ট্রাইব্যুনালে অভিযোগ করেছি।’