
পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়নকে কেন্দ্র করে আটকে আছে তিন জেলা পরিষদের নির্বাচন। এ কারণে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই দুই দশকের বেশি সময় ধরে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে না। সরকারের সঙ্গে পার্বত্য চুক্তি স্বাক্ষর করা জনসংহতি সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময়ে পৃথক ভোটার তালিকা করার দাবি তুললেও বিষয়টি নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়।
পাহাড়ি নেতাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজটি যত দেরি হবে, জেলা পরিষদ নির্বাচনের বিষয়টি তত জটিল হবে। পার্বত্য চুক্তির ২০ বছর পর এখন সরকার বলছে, তিন জেলার জন্য পৃথক ভোটার তালিকা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
রাঙামাটি নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, সরকার সংসদ নির্বাচনের ভোটার তালিকা দিয়ে জেলা পরিষদ নির্বাচন করার জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছে। কিন্তু এই তালিকা দিয়ে নির্বাচন করা হলে বহিরাগতরাও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে স্থায়ী বাসিন্দাদের মূল্য থাকবে না। পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে নেতৃত্ব দেবেন বহিরাগতরা। এভাবে চলতে থাকলে পাহাড়ে কৃষ্টি, সংস্কৃতি, স্বকীয়তা ও ঐতিহ্য হুমকির মুখে পড়বে।
পাহাড়ি নেতারা বলছেন, বিভিন্ন সময় রাজনৈতিক কারণে পাহাড়ে অন্য জেলার মানুষকে পার্বত্য এলাকায় নিয়ে আসা হয়েছে। তাঁরা এখানকার স্থায়ী বাসিন্দা নয়। কিন্তু সংসদ নির্বাচনে তাঁরা ভোটার। কিন্তু পার্বত্য জেলা পরিষদ আইনে শুধু স্থায়ী বাসিন্দাদের ভোটার করার কথা বলা হয়েছে। এর অর্থ অন্য এলাকা থেকে আসা মানুষ জেলা পরিষদের ভোটার হতে পারবে না। বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সর্বশেষ গত ৮ অক্টোবর ঢাকায় সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে তিন জেলার নির্বাচন ও ভোটার তালিকার বিধিমালা প্রণয়ন করা নিয়ে সভা হয়। এই সভার আলোচনায় উঠে আসা মতামতের অনুলিপি রাঙামাটি জেলা পরিষদে মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। এতে উল্লেখ রয়েছে, সংবিধান ও নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা অনুযায়ী সারা দেশের জন্য একটি ভোটার তালিকার মাধ্যমে জাতীয়সহ সব স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ আইনে ভোটার হওয়ার যোগ্যতা প্রসঙ্গে পার্বত্য জেলায় স্থায়ী অধিবাসী, যার বৈধ জমি আছে, এই শর্ত উল্লেখ থাকায় সাধারণ একটি তালিকা দিয়ে নির্বাচন করা সম্ভব নয়।
তবে পার্বত্য এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়নের বিষয়টি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন না চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সইয়ের পর সংবিধানের আলোকে জেলা পরিষদ আইনে ভোটার তালিকা প্রণয়ন বিষয়টি সংযোজন করা হয়েছে।
তবে পাহাড়ের বাঙালি সংগঠনের নেতারা পৃথক ভোটার তালিকা তৈরির বিরোধিতা করে আসছেন। সংবিধানের ১২১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে তাঁরা বলেন, ধর্ম, জাত, বর্ণ ও নারী-পুরুষভেদের ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করে কোনো বিশেষ ভোটার তালিকা প্রণয়ন করা যাবে না।
পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মো. আলকাছ আল মামুন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পৃথক ভোটার তালিকা করা তাঁরা সমর্থন করেন না। সংসদ নির্বাচনের জন্য করা ভোটার তালিকা দিয়েই জেলা পরিষদ নির্বাচন করা সম্ভব।
তবে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, পার্বত্য চুক্তির পর থেকে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করার দাবি করে আসছেন তাঁরা। কিন্তু সরকার তাঁদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা ছাড়া পার্বত্য জেলা পরিষদ নির্বাচন করা সম্ভব নয়।