ভোটার তালিকা প্রশ্নে ১২ মে বিশেষ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবির মুখে বার কাউন্সিল চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল বিশেষ সভা আহ্বানের নির্দেশ দিয়েছেন।
২০ মে অনুষ্ঠেয় বার কাউন্সিল নির্বাচন সামনে রেখে ১২ মে রাত আটটায় এই সভা বসবে। ধারণা করা হচ্ছে, এই সভায় বার কাউন্সিলের আওয়ামী লীগ-সমর্থিত পাঁচ সদস্য ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার স্বার্থে নির্বাচন এক মাস পেছানোর দাবি তুলতে পারেন।
বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলতাফ হোসাইন গতকাল প্রথম আলোকে জানান, বার কাউন্সিল আইনের ৩০ বিধিমতে অ্যাটর্নি জেনারেল সভা ডাকতে বলেছেন। এই বিধিতে বলা আছে, কাউন্সিলের অন্তত পাঁচ সদস্য সভা তলবের আহ্বান জানালে চেয়ারম্যান ও সচিব তা ডাকতে বাধ্য।
আওয়ামী লীগ প্যানেলের সৈয়দ রেজাউর রহমান, এইচ আর জাহিদ আনোয়ার, আবদুল মতিন খসরু, এস এম মুজিবুর রহমান ও তানিয়া আমীরের ৩০ বিধিতে সভা ডাকার আবেদনে উল্লেখ করা হয়, কেবল ভোটার তালিকা ত্রুটিমুক্ত করাই নয়, অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অথচ ১৫ মে যে সভা ডাকা হয়েছে, যেখানে জমি ক্রয়সহ ভোটার তালিকায় অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এসব ‘অবাঞ্ছিত’ পদক্ষেপ নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেও ওই আবেদনে উল্লেখ করা হয়।