চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন করার আদেশ দিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সালিসি আদালত (আরবিট্রেশন ট্রাইব্যুনাল)। ২৭ নভেম্বরের মধ্যে অসংগতি দূর করে ভোটার তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সালিসি আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এম এ কাশেম। ভোটার তালিকায় বিকল্প প্রতিনিধি, মৃত ব্যক্তি, একই কর শনাক্তকরণ নম্বরে একাধিক ভোটার—এসব অসংগতি রয়েছে বলে সালিসি আদালতের পর্যবেক্ষণে তুলে ধরা হয়। গত বৃহস্পতিবার ভি মার্ক ফ্যাশন ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ এবং বনলতা ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন পৃথকভাবে ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সালিসি আদালতে অভিযোগ দাখিল করেছিলেন। এতে প্রতিপক্ষ করা হয় চট্টগ্রাম চেম্বারের সভাপতি, নির্বাচন বোর্ডের সভাপতি ও নির্বাচন আপিল বোর্ডের সভাপতিকে।